হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে শর্তসাপেক্ষ প্রস্তাব ইরানের

সকাল সকাল ডেস্ক:
ওয়াশিংটন : মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেট অফ হরমুজ পুনরায় খোলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে শর্তসাপেক্ষ প্রস্তাব পাঠিয়েছে ইরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাব ইতিমধ্যেই হোয়াইট হাউস-এ পৌঁছেছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, ফলে একাধিক দেশ জ্বালানি সংকটে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম Axios এবং সংযুক্ত আরব আমিরাতের পত্রিকা The National-এর প্রতিবেদন অনুযায়ী, ইরান এই প্রস্তাবে যুদ্ধের অবসান এবং প্রণালী পুনরায় চালুর ওপর জোর দিয়েছে। একইসঙ্গে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের কথাও বলা হয়েছে। তবে শর্ত হিসেবে ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ে শুরু করতে হবে।

যদিও প্রস্তাব পৌঁছেছে, তবুও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, তা এখনও স্পষ্ট নয়। হোয়াইট হাউসের মুখপাত্র ওলিভিয়া ওয়েলস জানিয়েছেন, এ ধরনের সংবেদনশীল কূটনৈতিক ইস্যু নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা হবে না এবং যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের সঙ্গে আপস করবে না।

বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা প্রায় স্থবির। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে রাশিয়ায় পৌঁছে ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠক করতে চলেছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র চায় ইরান অন্তত এক দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ রাখুক এবং তাদের মজুত ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে দিক।

এদিকে, মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরান ইস্যুতে শিগগিরই বৈঠকে বসতে চলেছেন, যা পরিস্থিতির ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More