জিপিএসের নির্দেশে বিপজ্জনক পথে, বাইক-সহ খাদে পড়ে রাতভর আটকে যুবক

সকাল সকাল ডেস্ক

কলকাতা

অচেনা রাস্তায় গন্তব্যে পৌঁছতে মোবাইলের জিপিএস নেভিগেশনের উপর ভরসা করেছিলেন এক বাইকচালক। কিন্তু অন্ধকারে সেই নির্দেশ অনুসরণ করে এগোতে গিয়ে বিপজ্জনক রাস্তায় বাইক-সহ খাদে পড়ে গেলেন তিনি। গুরুতর জখম অবস্থায় নির্জন খনি এলাকায় রাতভর আটকে থাকার পর শনিবার সকালে মোবাইলের লোকেশন ট্র্যাক করে তাঁকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম যুবকের নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়। কাঁকসার বাসিন্দা প্রসূন পেশায় কেবল অপারেটর। শুক্রবার সন্ধ্যায় কাজের প্রয়োজনে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাস্তা অপরিচিত হওয়ায় মোবাইলে জিপিএস নেভিগেশন চালু করে গন্তব্যের দিকে এগোচ্ছিলেন।

পাণ্ডবেশ্বরের হরিপুরের পুরনো ভাটমুড়া এলাকায় ইসিএলের অধিগৃহীত কোলিয়ারি চত্বরে সম্প্রতি ধসের কারণে রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে স্থানীয় সূত্রের দাবি। রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপজ্জনক অংশটি বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক-সহ খাদে পড়ে যান প্রসূন।

দুর্ঘটনায় মাথা-সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান তিনি। জখম অবস্থাতেই কোনও রকমে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে আঘাত ও আতঙ্কের কারণে নিজের সঠিক অবস্থান জানাতে পারছিলেন না। তাঁর কথাবার্তাও অস্পষ্ট হয়ে যাচ্ছিল বলে পরিবারের দাবি। এরপর পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে পুলিশ রাতেই প্রসূনের খোঁজ শুরু করে। কিন্তু নির্দিষ্ট অবস্থান জানা না থাকায় তাঁকে খুঁজে পেতে সমস্যা হয়। শেষ পর্যন্ত মোবাইল টাওয়ারের লোকেশন সংক্রান্ত তথ্য এবং ইসিএল কর্তৃপক্ষের সহায়তায় শনিবার সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল।

খনি এলাকার খাদ থেকে গুরুতর জখম অবস্থায় প্রসূনকে উদ্ধার করে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, ক্ষতিগ্রস্ত রাস্তার কাছে পর্যাপ্ত ব্যারিকেড ও সতর্কতামূলক বোর্ড না থাকায় অচেনা যাত্রীদের বিপদের আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Read More News

Read More