নিউটাউনে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক, পশ্চিমবঙ্গের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ
সকাল সকাল ডেস্ক কলকাতা : পশ্চিমবঙ্গে মৎস্যচাষের সার্বিক উন্নয়ন নিয়ে সোমবার নিউটাউনে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রকের মন্ত্রী রাজীব রঞ্জন সিংয়ের সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর পশ্চিমবঙ্গের জন্য ৯ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে। এই বরাদ্দের পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ছয়টি অমৃত সরোবর গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। সোমবার নিউটাউনে আয়োজিত মৎস্যচাষের সার্বিক উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে রাজ্যের মৎস্যক্ষেত্রের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মূলত রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি মৎস্যচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রয়োজনীয় পরিকাঠামোর উন্নয়ন এবং মৎস্য উৎপাদনের সঙ্গে বাজারের আরও কার্যকর সংযোগ গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়। এছাড়াও মৎস্যজীবীদের আর্থিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। উৎপাদন বৃদ্ধি থেকে শুরু করে প্রযুক্তির ব্যবহার এবং বাজার ব্যবস্থার উন্নয়ন—মৎস্যক্ষেত্রের সামগ্রিক বিকাশের জন্য একাধিক বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বৈঠকের বিভিন্ন দিক এবং রাজ্যের জন্য বরাদ্দ অর্থ ও পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জানান। কেন্দ্রীয় সহায়তার মাধ্যমে রাজ্যের মৎস্য পরিকাঠামো আরও শক্তিশালী করা এবং মৎস্যজীবীদের জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
জিপিএসের নির্দেশে বিপজ্জনক পথে, বাইক-সহ খাদে পড়ে রাতভর আটকে যুবক
সকাল সকাল ডেস্ক কলকাতা অচেনা রাস্তায় গন্তব্যে পৌঁছতে মোবাইলের জিপিএস নেভিগেশনের উপর ভরসা করেছিলেন এক বাইকচালক। কিন্তু অন্ধকারে সেই নির্দেশ অনুসরণ করে এগোতে গিয়ে বিপজ্জনক রাস্তায় বাইক-সহ খাদে পড়ে গেলেন তিনি। গুরুতর জখম অবস্থায় নির্জন খনি এলাকায় রাতভর আটকে থাকার পর শনিবার সকালে মোবাইলের লোকেশন ট্র্যাক করে তাঁকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম যুবকের নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়। কাঁকসার বাসিন্দা প্রসূন পেশায় কেবল অপারেটর। শুক্রবার সন্ধ্যায় কাজের প্রয়োজনে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাস্তা অপরিচিত হওয়ায় মোবাইলে জিপিএস নেভিগেশন চালু করে গন্তব্যের দিকে এগোচ্ছিলেন। পাণ্ডবেশ্বরের হরিপুরের পুরনো ভাটমুড়া এলাকায় ইসিএলের অধিগৃহীত কোলিয়ারি চত্বরে সম্প্রতি ধসের কারণে রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে স্থানীয় সূত্রের দাবি। রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপজ্জনক অংশটি বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক-সহ খাদে পড়ে যান প্রসূন। দুর্ঘটনায় মাথা-সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান তিনি। জখম অবস্থাতেই কোনও রকমে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে আঘাত ও আতঙ্কের কারণে নিজের সঠিক অবস্থান জানাতে পারছিলেন না। তাঁর কথাবার্তাও অস্পষ্ট হয়ে যাচ্ছিল বলে পরিবারের দাবি। এরপর পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ রাতেই প্রসূনের খোঁজ শুরু করে। কিন্তু নির্দিষ্ট অবস্থান জানা না থাকায় তাঁকে খুঁজে পেতে সমস্যা হয়। শেষ পর্যন্ত মোবাইল টাওয়ারের লোকেশন সংক্রান্ত তথ্য এবং ইসিএল কর্তৃপক্ষের সহায়তায় শনিবার সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। খনি এলাকার খাদ থেকে গুরুতর জখম অবস্থায় প্রসূনকে উদ্ধার করে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, ক্ষতিগ্রস্ত রাস্তার কাছে পর্যাপ্ত ব্যারিকেড ও সতর্কতামূলক বোর্ড না থাকায় অচেনা যাত্রীদের বিপদের আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ২০তম রোজগার মেলায় ৫১ হাজারের বেশি যুবক-যুবতীকে নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী
সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : শনিবার ২০তম ‘রোজগার মেলা’-য় বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি নবনিযুক্তদের উদ্দেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, দেশজুড়ে মোট ৪৫টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে নবনিযুক্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে তাঁদের দায়িত্বভার গ্রহণ করবেন। নবনিযুক্তদের মধ্যে রয়েছেন রাজস্ব বিভাগ, রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রক-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে নিয়োগপ্রাপ্ত যুবক-যুবতীরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোজগার মেলা যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং দেশের উন্নয়নে তাঁদের আরও বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। এই উদ্যোগের মাধ্যমে সরকারি ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি নবনিযুক্তদের দেশের সেবায় যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।
মধ্য এশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদী
উজবেকিস্তান ও কিরগিজস্তানে দ্বিপাক্ষিক বৈঠক, যোগ দেবেন এসসিও শীর্ষ সম্মেলনে সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : চার দিনের মধ্য এশিয়া সফরে শনিবার উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই সফরে তিনি দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত হতে চলা ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন। শনিবার সকালে বিশেষ বিমানে নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম পর্বে তিনি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পৌঁছে সে দেশের প্রেসিডেন্ট শওকত মিরজিয়য়েভের সঙ্গে প্রতিনিধি-স্তরের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি একাধিক সরকারি কর্মসূচিতেও তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিশকেকে যাবেন। সেখানে ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। সম্মেলনে ভাষণ দেওয়ার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, সংযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সহযোগিতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের অবস্থান ও অগ্রাধিকারের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। সফর শুরুর আগে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, আগামী কয়েক দিন তিনি উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি লেখেন, “তাশখন্দে প্রেসিডেন্ট শওকত মিরজিয়য়েভের সঙ্গে ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনা করব। পাশাপাশি তাশখন্দ স্টেট ইউনিভার্সিটি অব ওরিয়েন্টাল স্টাডিজে শাস্ত্রী স্মৃতিসৌধ এবং মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শন করব। এরপর বিশকেকে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেব।” কূটনৈতিক মহলের মতে, মধ্য এশিয়ার সঙ্গে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে এসসিও মঞ্চে ভারতের সক্রিয় ভূমিকা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বার্তাও এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
নেপালে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ২৭০
সকাল সকাল ডেস্ক কাঠমান্ডু : নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে এবং বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ১০৮টি মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে। এছাড়া পূর্ব নওয়ালপরাসি থেকে ৬২ জন, পশ্চিম নওয়ালপরাসি থেকে ১৫ জন, ধাদিং থেকে ২৭ জন, গোর্খা থেকে ২০ জন, রাসুয়া থেকে ১৭ জন, নুয়াকোট থেকে ১২ জন এবং তানাহুন থেকে ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, বন্যায় আহত অন্তত ৫২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় শিক্ষণ হাসপাতালে ২৬ জন, ট্রমা সেন্টারে ২০ জন, বীর হাসপাতালে ২ জন, নারভিক হাসপাতালে ২ জন, মনমোহন হাসপাতালে ১ জন এবং বীরেন্দ্র মিলিটারি হাসপাতালে ১ জনের চিকিৎসা চলছে। নেপাল পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণকাজ জোরকদমে চলছে। দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী পৌঁছে দিতে প্রশাসন এবং উদ্ধারকারী সংস্থাগুলি সমন্বিতভাবে কাজ করছে।
পাকিস্তানের হাসপাতালে আগুন, প্রাণ হারালো ১৪টি নবজাতক শিশু
সকাল সকাল ডেস্ক ইসলামাবাদ: পাকিস্তানের ইসলামাবাদে হাসপাতালে আগুনে মৃত্যু হয়েছে ১৪টি নবজাতক শিশুর। বুধবার ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এর স্ত্রীরোগ বিভাগে আগুন লাগে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি নবজাতকের মৃত্যু হয়েছে। হাসপাতালের এসিতে গোলযোগের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। হাসপাতালের আধিকারিকেরা জানাচ্ছেন, ওয়ার্ডে রাখা একটি এসির কম্প্রেসারে বিস্ফোরণ হয়। সেই থেকেই আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে। বুধবার সকালে আচমকাই আগুন লেগে যায় ইসলামাবাদের ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’-এর স্ত্রীরোগ বিভাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া সদ্যোজাত ওয়ার্ডে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের সময়ে ওয়ার্ডে ১৬ সদ্যোজাতকে রাখা ছিল। তাদের মধ্যে মাত্র এক জনকে বাঁচানো সম্ভব হয়েছে। মৃতদের মধ্যে ১৪ জন শিশুর দেহ সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই হাসপাতালে এসে পৌঁছয় দমকল। দীর্ঘ চেষ্টার পর আগুন আয়ত্তে আসে।
সীমান্ত ইস্যুতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে অজিত দোভাল
সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : ভারত-চিন সীমান্ত সমস্যা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মঙ্গলবার বেজিংয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে ‘বিশেষ প্রতিনিধি’ পর্যায়ের বৈঠক করেন। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য সফরের আগে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত ও চিনের সীমান্ত সংক্রান্ত আলোচনা প্রক্রিয়ায় অজিত দোভাল এবং ওয়াং ই উভয়েই নিজ নিজ দেশের ‘বিশেষ প্রতিনিধি’ হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ ভারত-চিন সীমান্ত বিরোধের স্থায়ী ও সামগ্রিক সমাধানের লক্ষ্যে ২০০৩ সালে এই বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা শুরু হয়েছিল। এর আগে, দু’দিনের সরকারি সফরে বেজিং পৌঁছে সোমবার চিনের উপরাষ্ট্রপতি হান ঝেং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অজিত দোভাল। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই নেতা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করেন। দূতাবাসের মতে, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে যে ঐকমত্য গড়ে উঠেছে, তার ভিত্তিতেই এই আলোচনা এগিয়ে চলেছে।
ইউপিআই-এর অভূতপূর্ব সাফল্যে গর্বিত হওয়া উচিত প্রত্যেক ভারতীয়ের: প্রধানমন্ত্রী
সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) চালুর এক দশক পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইউপিআই-এর বিস্তৃতি ও সাফল্য প্রতিটি ভারতীয়ের কাছে গর্বের বিষয়। তাঁর মতে, ইউপিআই শুধু ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকেই বদলে দেয়নি, বরং বিশ্বমঞ্চেও দেশের প্রযুক্তিগত সক্ষমতার পরিচয় তুলে ধরেছে। সোমবার এক্স (প্রাক্তন টুইটার)-এ দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “দশ বছর আগে ইউপিআই চালু হয়েছিল। আজ এটি ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রার এক ঐতিহাসিক মাইলফলক। ইউপিআই-এর ব্যাপক প্রসার ও জনপ্রিয়তা এমন একটি অর্জন, যা নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত।” ইউপিআই সহজ, নিরাপদ এবং তাৎক্ষণিক লেনদেনের সুবিধা এনে দেশের আর্থিক ব্যবস্থায় ডিজিটাল বিপ্লব ঘটিয়েছে। নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমিয়ে এটি সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও দ্রুত ও সহজ করেছে। ভারতের সীমানা ছাড়িয়ে ইউপিআই এখন আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজের উপস্থিতি জোরদার করেছে। বর্তমানে ভুটান, নেপাল, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, শ্রীলঙ্কা, মরিশাস, কাতার, কম্বোডিয়া, গ্রিস এবং মালদ্বীপ-সহ মোট ১১টি দেশে ইউপিআই পরিষেবা চালু রয়েছে। এই সম্প্রসারণ ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি বৈশ্বিক আস্থা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন।
সামান্য পতন সোনার বাজারে, কমল সোনা ও রুপোর দাম
সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ২৪ আগস্ট: সোমবার লেনদেনের শুরুতেই দেশের সরাফা বাজারে সোনা ও রুপোর দামে সামান্য দুর্বলতা দেখা গিয়েছে। দামের এই পরিবর্তনের ফলে দেশের অধিকাংশ বাজারে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৬৩,০৮০ টাকা থেকে ১,৬৩,২৩০ টাকার মধ্যে লেনদেন করছে। একইভাবে ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৪৯,৪৯০ টাকা থেকে ১,৪৯,৬৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। রুপোর দামেও সামান্য পতন হয়েছে। দিল্লির সরাফা বাজারে এদিন প্রতি কেজি রুপোর দাম ২,৫৯,৯০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৬৩,২৩০ টাকা, আর ২২ ক্যারেট সোনার দাম ১,৪৯,৬৪০ টাকা। দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৬৩,০৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪৯,৪৯০ টাকায় বিক্রি হচ্ছে। আহমেদাবাদে ২৪ ক্যারেট সোনার খুচরো দাম প্রতি ১০ গ্রাম ১,৬৩,১৩০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৪৯,৫৪০ টাকা। চেন্নাইয়ে এদিন ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৬৩,০৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪৯,৪৯০ টাকায় বিক্রি হচ্ছে। কলকাতাতেও ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৬৩,০৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৪৯,৪৯০ টাকা। ভোপালে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৬৩,১৩০ টাকা, আর ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ১,৪৯,৫৪০ টাকায়। জয়পুরে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৬৩,২৩০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪৯,৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাটনায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৬৩,১৩০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৪৯,৫৪০ টাকা। লখনউয়ের সরাফা বাজারে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৬৩,২৩০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪৯,৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের মতো কর্ণাটক, তেলঙ্গানা ও ওড়িশার সরাফা বাজারেও সোমবার সোনার দামে সামান্য পতন হয়েছে। তিন রাজ্যের রাজধানী বেঙ্গালুরু, হায়দরাবাদ ও ভুবনেশ্বরে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৬৩,০৮০ টাকায় লেনদেন করছে। একইভাবে এই তিন শহরে ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৪৯,৪৯০ টাকায় বিক্রি হচ্ছে।
রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছে ইউক্রেন: পুতিন
সকাল সকাল ডেস্ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার অর্থনৈতিক স্থাপনাগুলোয় হামলা চালিয়ে ইউক্রেন নিজেদের সর্বনাশ ডেকে এনেছে। এর প্রতিশোধ হিসেবে ইউক্রেনের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতে পাল্টা হামলা চালানো হবে। গতকাল শনিবার তাঁর এ মন্তব্য প্রকাশিত হয়। চলতি গ্রীষ্মে রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোয় ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে তেল শোধনাগার ও অনলাইনে পণ্য বিক্রির প্রতিষ্ঠানগুলোর গুদাম। এসব খাত থেকে আসা অর্থ রাশিয়াকে যুদ্ধের ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ সহায়তা করছে। অর্থনৈতিক স্থাপনাগুলোয় হামলা চালিয়ে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধ্বংস করে দিতে চায় কিয়েভ। অবশ্য ইতিমধ্যে এসব হামলার জবাব দিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘কিয়েভ আমাদের অর্থনীতির ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু এতে তারা নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যার পরিণতি তাদের ভোগ করতে হবে। এখন তাদের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতে হামলার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’ ইউক্রেনের অর্থনৈতিক স্থাপনায় হামলার কারণে দেশটির কৃষিপণ্য রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। তবে এর ফলে বিশ্ববাজারে খাদ্যসংকট তৈরি হবে না বলে দাবি করেছেন পুতিন। তাঁর ভাষ্য, ইউক্রেনের শস্য রপ্তানির ঘাটতি রাশিয়া পূরণ করতে পারবে। পুতিন বলেন, ‘আমাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। তবে আমরা এসব সমস্যা সমাধান করব। ফলে বিশ্ববাজারে খাদ্যপণ্যের ঘাটতি হবে না।’ এর আগে কৃষ্ণসাগর দিয়ে বিশ্ববাজারে শস্য রপ্তানি নিরাপদ রাখতে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি করেছিল। তুরস্কের মধ্যস্থতায় ২০২২ সালে করা এ চুক্তির মাধ্যমে ইউক্রেনের শস্য রপ্তানির পথ নিরাপদ রাখার ব্যবস্থা হয়। তবে ২০২৩ সালে রাশিয়া চুক্তিটি থেকে সরে আসে। পুতিন আবারও বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত। তবে এ ক্ষেত্রে তাঁর শর্ত, আলোচনায় যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতিকে ভিত্তি হিসেবে মেনে নিতে হবে। অর্থাৎ রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ইউক্রেনীয় এলাকাগুলোকে মস্কোর ভূখণ্ড হিসেবে মেনে নিতে হবে। ইউক্রেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে যেসব প্রস্তাব দিয়েছে, সেগুলো ‘অবাস্তব’ ও ‘অদ্ভুত’ বলেও মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, এসব প্রস্তাবের ভিত্তিতে নয়, বরং যুদ্ধক্ষেত্রের বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়েই শান্তি আলোচনা হতে হবে।