অনলাইনে জনগণনার ফর্ম পূরণ বাধ্যতামূলক নয়, সরকারি প্রকল্প থেকেও নাম কাটা হবে না

সকাল সকাল ডেস্ক

কলকাতা: অনলাইনে জনগণনার স্ব-গণনা (সেলফ এনুমারেশন) ফর্ম পূরণ না করলে সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে বা নাম কেটে দেওয়া হবে—এমন গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন, অনলাইনে ফর্ম পূরণ করা বাধ্যতামূলক নয় এবং এর সঙ্গে সরকারি প্রকল্পের কোনও যোগ নেই।

শনিবার বিধাননগরে আনুষ্ঠানিকভাবে স্ব-গণনা প্রক্রিয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যাঁরা অনলাইনে নিজেদের তথ্য জমা দিতে চান, তাঁরা স্বেচ্ছায় তা করতে পারবেন। তবে যাঁরা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না বা করতে ইচ্ছুক নন, তাঁদের কোনও সমস্যা হবে না। আগামী ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।

যাঁরা অনলাইনে স্ব-গণনা সম্পন্ন করবেন, তাঁরা একটি বিশেষ আইডি পাবেন। গণনাকারীরা বাড়িতে গেলে সেই আইডি দেখালেই হবে। অন্যদিকে, যাঁরা অনলাইনে অংশ নেবেন না, তাঁদের কাছ থেকে সরাসরি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন সরকারি আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য রাজ্যবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি সকলকে স্বেচ্ছায় স্ব-গণনা প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এতে জনগণনার কাজ আরও দ্রুত ও সহজ হবে।

এছাড়াও তথ্যের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দূর করে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, জনগণনায় সংগৃহীত সমস্ত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তাঁর কথায়, এই তথ্য শুধুমাত্র পরিসংখ্যান, উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হবে। কোনও ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, অনলাইনে ফর্ম পূরণ না করলেও জনগণনায় অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না এবং সরকারি পরিষেবা বা প্রকল্পের সুবিধাতেও তার কোনও প্রভাব পড়বে না।

Read More News

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

ভুরকুন্ডায় শীঘ্রই গড়ে উঠতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ৩০ জুলাই: ভুরকুন্ডায় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের...

Read More