মাওবাদী জোনাল কমান্ডার সঞ্জয় যাদবকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
সকাল সকাল ডেস্ক
পালামু : নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত মাওবাদী নেতা সঞ্জয় যাদব ওরফে সঞ্জয় গোদরাম ওরফে বুধরামকে দু’দিনের পুলিশ রিমান্ড শেষে বুধবার বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। রিমান্ড চলাকালীন তাঁকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পালামু জেলার হুসেনাবাদ থানা এলাকার কেমো দুধিয়া জঙ্গলে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত ৬ নভেম্বর মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস) থানের একটি খাটালে আত্মগোপন করে থাকা সঞ্জয় যাদবকে আটক করে। এরপর পালামু পুলিশকে বিষয়টি জানানো হয়। ৭ নভেম্বর ছতরপুরের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) প্রশান্ত কুমার এবং হরিহরগঞ্জ থানার সৌরভ কুমার মহারাষ্ট্রে পৌঁছন। চার দিনের ট্রানজিট রিমান্ডে সঞ্জয়কে পালামুতে নিয়ে আসা হয়। ৯ নভেম্বর তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পরদিন, ১০ নভেম্বর পিপরা থানার পুলিশ তাঁকে দু’দিনের রিমান্ডে নেয়। বুধবার রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় ফের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
পালামুর পুলিশ সুপার কপিল চৌধুরী জানিয়েছেন, ছতরপুরের দেবগন এলাকার বাসিন্দা সঞ্জয় যাদবের বিরুদ্ধে বিহার ও ঝাড়খণ্ড মিলিয়ে মোট ৬৩টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে পালামুতে ৩২টি, গাড়োয়ায় একটি, বিহারের ঔরঙ্গাবাদে ২০টি এবং গয়াজিতে ১০টি মামলা নথিভুক্ত রয়েছে।
ঝাড়খণ্ড সরকার সঞ্জয়ের মাথার দাম ১০ লক্ষ টাকা এবং বিহার সরকার তিন লক্ষ টাকা ঘোষণা করেছিল। পুলিশ সুপারের দাবি, ৪৫ বছর বয়সি সঞ্জয় গত ১৫ বছর ধরে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। জমি সংক্রান্ত বিবাদের জেরেই তিনি মাওবাদী সংগঠনে যোগ দিয়েছিলেন। তবে দীর্ঘ ১৫ বছর সংগঠনে থাকার পরেও জমি বিবাদের কোনও সমাধান হয়নি। বর্তমানে মাওবাদী সংগঠনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি অনুতপ্ত বলে পুলিশ জানিয়েছে।
No Comment! Be the first one.