সকাল সকাল ডেস্ক
মুম্বই : অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে সামাজিক মাধ্যমে ট্রোলিংয়ের ঘটনায় তাঁর পাশে দাঁড়ালেন অভিনেত্রী ও রাজনীতিবিদ খুশবু সুন্দর। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রকাশ্যে আসার পর ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য করা হয়। যদিও ছেলের জন্মের পর তাঁর শরীরে আসা পরিবর্তন নিয়ে ক্যাটরিনা নিজে কোনও মন্তব্য করেননি, তবুও তাঁর ভক্ত এবং একাধিক তারকা তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন। এবার ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে দীর্ঘ একটি বার্তা প্রকাশ করেছেন খুশবু সুন্দর। সেখানে নারীর শরীর ও বয়স নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
ইনস্টাগ্রামে প্রকাশিত ওই বার্তায় খুশবু প্রশ্ন করেন, নারীর শরীরে স্বাভাবিক পরিবর্তন হলেই কেন তা জনসমক্ষে আলোচনার বিষয় হয়ে ওঠে? সমাজের এই দ্বৈত মানসিকতার সমালোচনা করে তিনি বলেন, পুরুষের চুল পেকে গেলে তাঁকে ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকে আকর্ষণীয় ও পরিণত বলে প্রশংসা করা হয়। পুরুষের টাক পড়া বা ওজন বেড়ে যাওয়াকেও অনেক সময় অভিজ্ঞতা ও ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত করা হয়। অথচ নারীদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের প্রতিটি বলিরেখা, ওজন বৃদ্ধি কিংবা পাকা চুল নিয়ে প্রশ্ন তোলা হয়।
নারীদের বয়স দিয়ে বিচার করার এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন খুশবু। ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে তিনি বলেন, গতকালও তিনি সুন্দর ছিলেন, আজও সুন্দর এবং ভবিষ্যতেও সুন্দর থাকবেন।
নিজের মাতৃত্ব-পরবর্তী শারীরিক পরিবর্তনের অভিজ্ঞতাও তুলে ধরেছেন খুশবু। তিনি জানান, একসময় তাঁর ওজন বেড়ে যাওয়ায় তাঁকে অতিরিক্ত ওজনের জন্য কটাক্ষ ও উপহাসের মুখে পড়তে হয়েছিল। পরে ওজন কমালে সেই একই ব্যক্তিরাই তাঁকে ওজন কমানোর জন্য ইনজেকশন নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন।
ক্যাটরিনার উদ্দেশে খুশবু বলেন, তাঁর শরীর, মাতৃত্ব, ওজন কিংবা চেহারা নিয়ে কাউকে কোনও কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। নারীর চেহারা বা শরীর নিয়ে বিচার করার অধিকার কারও নেই বলেও নিজের বক্তব্যে স্পষ্ট করেন তিনি।
খুশবু আরও বলেন, নারীদের নিজের শর্তে, মর্যাদা এবং আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করার অধিকার রয়েছে। একজন নারীর জীবনকে কোনও একটি নির্দিষ্ট বয়স বা পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ করে দেখা উচিত নয়। তাঁর মতে, একজন নারীর জীবনের প্রতিটি পর্যায়ই সমান গুরুত্বপূর্ণ এবং সম্মানের যোগ্য।
No Comment! Be the first one.