দিনভর ওঠানামার পর মিশ্র ফল শেয়ার বাজারে, লগ্নিকারীদের সম্পদ বাড়ল ১.৯৬ লক্ষ কোটি টাকা

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর: দিনভর ওঠানামার পর শুক্রবার মিশ্র ফলের সঙ্গে বন্ধ হল দেশের শেয়ার বাজার। দিনের শুরুটা ইতিবাচক হলেও কিছু ক্ষণের মধ্যেই ক্রেতা ও বিক্রেতাদের টানাপড়েন শুরু হয়। দুপুর ২টো পর্যন্ত সেনসেক্স ও নিফটি সীমিত পরিসরের মধ্যেই ঘোরাফেরা করে। পরে কেনাকাটা বাড়ায় দুই সূচকই গতি পায়। যদিও শেষ আধ ঘণ্টায় মুনাফা তোলার চাপ বাড়ায় দিনের সর্বোচ্চ স্তর ধরে রাখতে পারেনি বাজার।

দিনের শেষে বিএসই সেনসেক্স ১৯.৬৩ পয়েন্ট বা ০.০৩ শতাংশ কমে ৭৪,২৯৪.৯৬ পয়েন্টে বন্ধ হয়। অন্য দিকে, এনএসই নিফটি ৭৫.৮০ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ বেড়ে ২৩,৩৪৬.৪০ পয়েন্টে থামে।

এ দিন সেনসেক্স ২৬০.৬৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে ৭৪,৫৭৫.২৪ পয়েন্টে লেনদেন শুরু করেছিল। বাজার খোলার পরেই বিক্রির চাপ তৈরি হওয়ায় সূচক নেমে আসে ৭৪,৩৭৫.০৭ পয়েন্টে। ওই স্তর থেকে কেনাকাটা শুরু হওয়ায় কিছুটা ঘুরে দাঁড়ায় সেনসেক্স।

দুপুর ২টো পর্যন্ত সীমিত পরিসরে ওঠানামার পর ক্রেতারা সক্রিয় হয়ে ওঠেন। তার জেরে এক ঘণ্টার মধ্যেই সেনসেক্স ৪১৩.৮৫ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়ে দিনের সর্বোচ্চ ৭৪,৭২৮.৪৪ পয়েন্টে পৌঁছে যায়। কিন্তু শেষ আধ ঘণ্টায় মুনাফা তোলার চাপ তৈরি হয়। সর্বোচ্চ স্তর থেকে ৪৩৩.৪৮ পয়েন্ট নেমে শেষ পর্যন্ত ৭৪,২৯৪.৯৬ পয়েন্টে থামে সূচক।

একই ছবি দেখা যায় নিফটিতেও। এ দিন ৬৪.১০ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে ২৩,৩৩৪.৭০ পয়েন্টে লেনদেন শুরু করে নিফটি। বাজার খোলার পর বিক্রির চাপে সূচক একসময় ২৩,২৮৬.৬০ পয়েন্টে নেমে যায়। পরে ক্রেতাদের সক্রিয়তায় পতন সামলে নেয় নিফটি।

দুপুর ২টোর পর বাজারে বিভিন্ন ক্ষেত্রে কেনাকাটা বাড়তে থাকে। তার জেরে বিকেল ৩টের কিছু আগে নিফটি ১১৮.৫৫ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে ২৩,৩৮৯.১৫ পয়েন্টে পৌঁছয়। পরে মুনাফা তোলার কারণে সর্বোচ্চ স্তর থেকে ৪০ পয়েন্টের বেশি নেমে শেষ পর্যন্ত ২৩,৩৪৬.৪০ পয়েন্টে বন্ধ হয়।

এ দিনের লেনদেনে কনজিউমার ডিউরেবলস এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শেয়ারে বিক্রির চাপ ছিল বেশি। বিএসই কনজিউমার ডিউরেবলস সূচক ১.২৭ শতাংশ কমেছে। নিফটি আইটি সূচক ১.০৩ শতাংশ পতনের সঙ্গে লেনদেন শেষ করেছে। অটোমোবাইল এবং এফএমসিজি সূচকও লাল নিশানে বন্ধ হয়েছে।

অন্য দিকে, ক্যাপিটাল গুডস ক্ষেত্রের শেয়ারে জোরালো কেনাকাটা দেখা যায়। বিএসই ক্যাপিটাল গুডস সূচক ১.৫৬ শতাংশ বেড়েছে। ব্যাঙ্কিং, স্বাস্থ্য পরিষেবা, ধাতু, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং তেল ও গ্যাস ক্ষেত্রের সূচকও লাভের সঙ্গে বন্ধ হয়েছে।

বৃহত্তর বাজারে এ দিন মূল সূচকের তুলনায় বেশি শক্তি দেখা গিয়েছে। নিফটি মিডক্যাপ সূচক ১.২৪ শতাংশ বেড়েছে। স্মলক্যাপ সূচক আরও ১.৭৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে দিনের লেনদেন শেষ করেছে।

মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারের এই উত্থানের জেরে এক দিনেই লগ্নিকারীদের সম্পদ বেড়েছে প্রায় ১.৯৬ লক্ষ কোটি টাকা। এ দিনের লেনদেন শেষে বিএসই-তে নথিভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে আনুমানিক ৪৭৯.৭৯ লক্ষ কোটি টাকা। বৃহস্পতিবার তা ছিল ৪৭৭.৮৩ লক্ষ কোটি টাকা।

এ দিন এনএসই-তে মোট ৩,২৪৫টি শেয়ারে সক্রিয় লেনদেন হয়েছে। এর মধ্যে ২,১৫১টি শেয়ার লাভের সঙ্গে সবুজ নিশানে এবং ১,০৯৪টি শেয়ার ক্ষতির সঙ্গে লাল নিশানে বন্ধ হয়েছে। সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ১০টি বেড়েছে এবং ২০টি কমেছে। নিফটির ৫০টি শেয়ারের মধ্যে ২৬টি লাভে এবং ২৪টি ক্ষতিতে বন্ধ হয়েছে।

দাম বৃদ্ধির নিরিখে প্রথম সারিতে ছিল আদানি পোর্টস। সংস্থার শেয়ার ৪.৯৩ শতাংশ বেড়েছে। আদানি এন্টারপ্রাইজেস ৩.৩১ শতাংশ, ভারতী এয়ারটেল ৩.১২ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক ২.৫২ শতাংশ এবং বাজাজ ফিনান্স ২.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্য দিকে, টিসিএস-এর শেয়ার ৩.৮৮ শতাংশ কমেছে। টিএমপিভি ৩.৪০ শতাংশ, এসবিআই লাইফ ইনশিওরেন্স ২.০৩ শতাংশ, কোল ইন্ডিয়া ১.৯৪ শতাংশ এবং মারুতি সুজুকির শেয়ার ১.৯০ শতাংশ পতনের সঙ্গে দিনের লেনদেন শেষ করেছে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More