মোদীর নেতৃত্বে ভারত ক্রমাগত এগিয়ে চলেছে : অমিত শাহ

সকাল সকাল ডেস্ক

ভাদনগর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ক্রমাগত অগ্রগতির পথে এগিয়ে চলেছে বলে জোর দিয়ে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভাদনগরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদীর গোটা জীবনকে যদি মাত্র দুটি শব্দে ব্যাখ্যা করতে হয়, তাহলে তা হল— ‘ইন্ডিয়া ফার্স্ট’

প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর পৈতৃক ভিটে ভাদনগরে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, ভারতমাতার কল্যাণ এবং বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন। এদিন প্রধানমন্ত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছাও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন ভাদনগর থেকে বিশেষ ‘সেবা সংকল্প অভিযান’ বাইক র‍্যালির সূচনা হয়। এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, এই যাত্রা নরেন্দ্র মোদীর জন্মভূমি ভাদনগর থেকে শুরু হয়ে তাঁর কর্মভূমি বারাণসীতে পৌঁছবে। পুণ্যভূমি হাটকেশ্বর মহাদেবের প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই যাত্রা কাশী বিশ্বনাথের চরণে গিয়ে শেষ হবে বলেও জানান তিনি।

যাত্রার বিস্তারিত কর্মসূচি তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোট ৬০০ জন বাইকার এই অভিযানে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ভাদনগর থেকে ৩০০ জন এবং একই দিনে বারাণসী থেকে আরও ৩০০ জন যাত্রা শুরু করবেন। এই ৬০০ জন আরোহী দেশের সাতটি রাজ্য এবং অসংখ্য গ্রামের মধ্য দিয়ে প্রায় ৪,০০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন। তাঁদের লক্ষ্য, প্রধানমন্ত্রীর ২৫ বছরের সুশাসন ও জনসেবার বার্তা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া।

এই ২৫ বছরের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে অমিত শাহ বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন হলেও আগামী ৭ অক্টোবর একটি ঐতিহাসিক মাইলফলক পূর্ণ হতে চলেছে। ওই দিন তিনি একটানা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর সম্পূর্ণ করবেন। এই দীর্ঘ সময় ধরে তাঁর জনসেবা ও প্রশাসনিক নেতৃত্বের কথাও এদিন তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More