চিকিৎসা ক্ষেত্রে বড় সাফল্য, এইমস-এ দেশের প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ এন্ডোস্কোপি সিস্টেম

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে আরও এক বড় সাফল্য এল। ভারতে তৈরি প্রথম সিরিয়াল-নম্বরযুক্ত অত্যাধুনিক ‘ইপি-৬০০০’ এন্ডোস্কোপি সিস্টেম নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-কে উৎসর্গ করল ফুজিফিল্ম ইন্ডিয়া। সোমবার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কোজি ওয়াডার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান এইমস-কে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই উচ্চমানের এন্ডোস্কোপি সিস্টেম প্রদান দেশের স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আলোচনায় ফুজিফিল্মের প্রতিনিধিরা জানান, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থায় ‘ফ্লেক্সিবল এন্ডোস্কোপি’-সহ উন্নত প্রযুক্তির ব্যবহার ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই প্রযুক্তির সাহায্যে চিকিৎসকরা আরও নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে পারছেন। একই সঙ্গে ‘মিনিম্যালি ইনভেসিভ’ বা ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে জটিল চিকিৎসা করা সম্ভব হওয়ায় রোগীদের অস্ত্রোপচার-পরবর্তী শারীরিক ধকলও কমছে। এর ফলে রোগীরা তুলনামূলক দ্রুত সুস্থ হয়ে উঠতে পারছেন।

বৈঠকে প্যানক্রিয়াটিক বা অগ্ন্যাশয়ের ক্যান্সারের মতো জটিল ও প্রাণঘাতী রোগের ক্ষেত্রে দ্রুত এবং নির্ভুল রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনায় এই প্রযুক্তির সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তির মাধ্যমে অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জাম উৎপাদনের এই উদ্যোগ দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে বৈঠকে আশাপ্রকাশ করা হয়। পাশাপাশি, দেশীয় প্রযুক্তিতে উন্নত চিকিৎসা সরঞ্জামের উৎপাদন বাড়লে ভবিষ্যতে স্বাস্থ্য ক্ষেত্রে আত্মনির্ভরতার পথও আরও সুগম হবে।

Read More News

Read More