সকাল সকাল ডেস্ক
ক্যালিফোর্নিয়া: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারে শুক্রবার মার্কিন মেরিন কর্পসের অত্যাধুনিক এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান ভেঙে পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনার ঠিক আগে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে যান।
স্থানীয় সময় সকাল প্রায় ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর তাতে ভয়াবহ আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও জরুরি পরিষেবার দল। মার্কিন সেনাবাহিনী এই ঘটনাকে ‘ক্লাস-এ’ দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করেছে, যা সামরিক বিমান দুর্ঘটনার মধ্যে সবচেয়ে গুরুতর শ্রেণির অন্তর্ভুক্ত।
মার্কিন মেরিন কর্পস জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি থার্ড মেরিন এয়ারক্রাফট উইং-এর মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১-এর অন্তর্গত ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলটকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং গুরুতর কোনও আঘাত লাগেনি বলে জানানো হয়েছে।
ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, রানওয়ের পাশে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। বিমানটি ভেঙে পড়ার ফলে আশপাশের ঝোপঝাড় ও বনাঞ্চলেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে সান দিয়েগো দমকল বাহিনী বিশেষ অভিযান চালায় এবং ফায়ার রিটার্ডেন্ট ব্যবহার করে আগুন নেভায়। তবে মাটিতে থাকা কোনও ব্যক্তি আহত হননি।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
এফ-৩৫বি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান। অল্প দূরত্ব থেকে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণ করার বিশেষ ক্ষমতার জন্য এটি পরিচিত। মূলত মার্কিন মেরিন কর্পস এই যুদ্ধবিমান পরিচালনা করে। একটি এফ-৩৫বি বিমানের আনুমানিক মূল্য প্রায় ১০৯ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা।
উল্লেখ্য, মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামার একসময় মার্কিন নৌবাহিনীর বিখ্যাত ‘টপ গান’ ফাইটার পাইলট প্রশিক্ষণ কেন্দ্র ছিল। ‘ফাইটারটাউন ইউএসএ’ নামেও এই ঘাঁটি পরিচিত। ১৯৯৬ সালে এটি মেরিন কর্পসের অধীনে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ৩০ জুলাই ক্যালিফোর্নিয়ার নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমানও দুর্ঘটনায় পড়েছিল। সেই ঘটনাতেও পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হলেও বিমানটি একটি কৃষিজমিতে পড়ে আগুনে পুড়ে যায়।
No Comment! Be the first one.