সকাল সকাল ডেস্ক
দাবানলের তাণ্ডবের মাঝেই গ্রিসে মুখোমুখি সংঘর্ষ দুটি হেলিকপ্টারের (Greece Helicopter Crash)! ভেঙে পড়ে প্রাণ হারালেন দুই ক্রু সদস্য। রবিবার রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে (Wildfire Firefighting Collision)। জানা গিয়েছে, ভয়ংকর দাবানল নেভাতে যাওয়া দুটি ‘বেল’ (Bell) মডেলের হেলিকপ্টারের মধ্যে ধাক্কা লাগলে একটি আগুন ধরে খাদে পড়ে যায়। সেই কপ্টারেই থাকা ডেনমার্কের এক পাইলট এবং গ্রিক ফায়ার সার্ভিসের এক আধিকারিকের মৃত্যু হয়েছে। তবে সৌভাগ্যবশত, অন্য হেলিকপ্টারে থাকা একজন ব্রিটিশ পাইলট এবং আরেকজন গ্রিক আধিকারিক চোট পেলেও প্রাণে বেঁচে গিয়েছেন।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
অস্ট্রেলিয়ান সংস্থা ‘ম্যাকডারমট অ্যাভিয়েশন’ থেকে ভাড়া নেওয়া দুটি হেলিকপ্টার আতিকা-বোওটিয়া সীমান্তে দাবানল নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আকাশে ওড়ার সময় একটি কপ্টারের ব্লেড বা প্রপেলার অন্যটির গায়ে গিয়ে সজোরে আঘাত করে। মুহূর্তে আগুন ধরে যায় প্রথম কপ্টারটিতে এবং সেটি নীচে একটি খাদে ভেঙে পড়ে।
অন্যদিকে, দ্বিতীয় কপ্টারটি কোনওমতে একটি ঝোপঝাড়যুক্ত নিচু জায়গায় জরুরি অবতরণ (Emergency Landing) করতে সক্ষম হয়। কপ্টারটি ভেঙে পড়ার পর বেঁচে যাওয়া দুই সদস্যই উদ্ধারকারী দলকে দ্রুত খবর দেন, যার ফলে দুর্ঘটনাস্থলে পৌঁছনো সহজ হয়।
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, দেশজুড়ে কপ্টার উড়ানে নিষেধাজ্ঞা
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিয়াইরিয়াকোস মিটসোটাকিস। সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় তিনি মৃতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ঘটনার পরই গ্রিক সুরক্ষা প্রটোকল মেনে দেশজুড়ে সমস্ত ‘বেল’ মডেলের কপ্টার ওড়ানো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আহত ব্রিটিশ পাইলট ও গ্রিক আধিকারিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে চিকিৎসকেরা তাঁদের পর্যবেক্ষণ রাখছেন।
ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানলের আগুন
গত কিছুদিন ধরেই তীব্র দাবদাহ এবং শুকনো আবহাওয়ার কারণে গ্রিস-সহ সমগ্র ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এথেন্সের একাধিক অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্রিসের পোর্টো জেরমেনো, মেগারা ও কেফালোনিয়ার মতো এলাকায় ৫০০-রও বেশি অগ্নিনির্বাপক কর্মী দিনরাত এক করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।
যদিও অতিরিক্ত দাবদাহে ফ্রান্স ও স্পেনের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবুও তীব্র খরা এবং জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে ইউরোপের দেশগুলোর কপালে।
No Comment! Be the first one.