সকাল-সকাল ডেস্ক:
ব্যাটন রুজ | আমেরিকার লুইজিয়ানা-র শ্রিভপোর্ট-এ এক বন্দুকধারী রবিবার ভোরে তিনটি বাড়িতে ঢুকে আট শিশুকে গুলি করে হত্যা করেছে। ২০২৪ সালের জানুয়ারির পর এটি দেশের সবচেয়ে ভয়াবহ গণগুলিবর্ষণের ঘটনা বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পর শ্রিভপোর্ট এবং আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে অনেকেই ভেঙে পড়েন।
লুইজিয়ানার ক্যাডো প্যারিশ করনার দফতরের মতে, এই হামলার সময় এক ১৩ বছরের কিশোর বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আহত হয়। তার শরীরের কয়েকটি হাড় ভেঙে গেছে।
শ্রিভপোর্ট পুলিশের মুখপাত্র ক্রিস বোর্ডেলন জানান, মোট ১০ জন গুলিবিদ্ধ হন। সন্দেহভাজন হামলাকারী শামার এলকিন্স পুলিশি গুলিতে নিহত হয়েছে। নিহত শিশুদের মধ্যে তিনজন ছেলে এবং পাঁচজন মেয়ে, যাদের মধ্যে সাতজন একই পরিবারের ভাইবোন।
এই মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে জায়লা এলকিন্স (৩), শায়লা এলকিন্স (৫), কায়লা পিউ (৬), লায়লা পিউ (৭), মার্কেডন পিউ (১০), সারিয়াহ স্নো (১১), খেডেরিয়ান স্নো (৬) এবং ব্রেয়লন স্নো (৫)।
পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের সময় দুই নারী গুরুতরভাবে আহত হন এবং এক কিশোরও জখম হয়। সন্দেহভাজন ব্যক্তি প্রথমে রাস্তায় এক মহিলাকে গুলি করে, তারপর একটি বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়।
লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল জানিয়েছেন, একাধিক আইন প্রয়োগকারী সংস্থা এই ঘটনার তদন্ত করছে। রাজ্যের প্রতিনিধি ট্যামি ফেল্পস বলেন, হামলার সময় কয়েকজন শিশু পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত এলকিন্স ২০১৯ সালে অস্ত্র সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল এবং সে প্রায় সাত বছর লুইজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ড-এ কাজ করেছে।
শ্রিভপোর্টের মেয়র টম আর্সেনো বলেন, “এই ঘটনায় গোটা শহর স্তম্ভিত।” Gun Violence Archive-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত আমেরিকায় অন্তত ১১৪টি গণগুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
নগর পরিষদের সদস্য তাবাথা এইচ. টেলর ঘটনাস্থলের দৃশ্য দেখে ভেঙে পড়েন। তিনি বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক, শ্রিভপোর্টের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা।”
অন্যদিকে, শ্রিভপোর্ট পুলিশের প্রধান ওয়েন স্মিথ বলেন, “এমন ঘটনা কীভাবে ঘটতে পারে, তা ভাবতেই পারছি না।”
মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন এই ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, “এই কঠিন সময়ে আমরা নিহতদের পরিবারের পাশে আছি।”
No Comment! Be the first one.