সকাল সকাল ডেস্ক,
নয়াদিল্লি : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ‘ই-উপহার’-এর তৃতীয় সংস্করণের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সংস্করণে রাষ্ট্রপতির প্রাপ্ত ৩০০টি নির্বাচিত উপহার জনসাধারণের জন্য নিলামে তোলা হবে। আগামী ৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই অনলাইন নিলাম চলবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হবে।
রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন রাষ্ট্রপতির চার বছরের কার্যকালকে কেন্দ্র করে প্রকাশিত একাধিক গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সেগুলোর প্রথম কপি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান।
এদিন যে প্রকাশনাগুলোর উদ্বোধন করা হয়, সেগুলির মধ্যে রয়েছে— ‘রাষ্ট্রপতি ভবন: রাষ্ট্র কা ভবন’, ‘সেবা অউর সংবেদনা’, ‘সমাবেশী সহভাগিতা’, ‘ভারতীয়তা কা উৎসব’ এবং বিশিষ্ট ব্যক্তিদের প্রবন্ধ সংকলনের ওড়িয়া সংস্করণ ‘আমা রাষ্ট্রপতি – আমা গৌরব’।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, এই সচিত্র প্রকাশনাগুলি পাঠকদের রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্য, কর্মকাণ্ড ও বহুমাত্রিক ভূমিকা সম্পর্কে আরও সম্যক ধারণা দেবে। তাঁর মতে, এই গ্রন্থগুলির প্রকৃত গুরুত্ব শুধু তথ্য উপস্থাপনায় নয়, বরং দেশের ঐতিহ্যের প্রতি মানুষের গর্ববোধ জাগিয়ে তোলা এবং উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোর মধ্যেই নিহিত।
No Comment! Be the first one.