এমএসএমই ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় জোর অর্থমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): দেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণের পথে পারিবারিক টানাপোড়েন এবং অস্পষ্ট পরিচালন ব্যবস্থা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ব্যবসায়িক দক্ষতার সঙ্গে প্রাতিষ্ঠানিক কাঠামো ও পেশাদারিত্বের সমন্বয়ের ওপর জোর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

মঙ্গলবার রাজধানীতে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের ৫৩তম জাতীয় ব্যবস্থাপনা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ভারতের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পের একটি বড় অংশ এখনও পারিবারিকভাবে পরিচালিত হয়। এই সংস্থাগুলির উন্নত পণ্য, বিশ্বস্ত ক্রেতা এবং ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা থাকা সত্ত্বেও পারিবারিক দ্বন্দ্ব ও অপ্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের কারণে অনেক ক্ষেত্রেই ব্যবসা সম্প্রসারণ বাধাপ্রাপ্ত হচ্ছে।

ব্যবসায়িক পরিকাঠামোয় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নির্মলা সীতারামন বলেন, এই ক্ষেত্রে মূল সমস্যা উদ্যোগ বা মেধার অভাব নয়, বরং প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ঘাটতি। ব্যবসার দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য পেশাদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। মালিকানা এবং সংস্থা পরিচালনার দায়িত্বের মধ্যে স্পষ্ট বিভাজন থাকা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

অর্থমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানের ভিতরে কে কোন দায়িত্ব পালন করবেন, তা নির্দিষ্টভাবে ভাগ করে দেওয়া প্রয়োজন। একই সঙ্গে পরবর্তী প্রজন্মকে যথাযথভাবে দক্ষ করে তোলা এবং পারিবারিক মতবিরোধের প্রভাব যাতে ব্যবসার ওপর না পড়ে, তার জন্য আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, ভারতের অর্থনৈতিক অগ্রগতি এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলিকে আধুনিক কর্পোরেট সংস্কৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে। ব্যক্তিগত সম্পর্ক ও আবেগের প্রভাবের বাইরে গিয়ে স্পষ্ট দায়িত্ববোধ এবং পেশাদার পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই এই সংস্থাগুলি দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী ও স্থায়ী হয়ে উঠতে পারবে।

বিশ্ববাজারে ভারতীয় উদ্যোগগুলির অবস্থান আরও শক্তিশালী করার জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির পরিচালন ব্যবস্থায় স্বচ্ছতা, দায়িত্ববণ্টন ও পেশাদারিত্ব বাড়ানোর ওপরই বিশেষ গুরুত্ব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Read More News

Read More