সকাল সকাল ডেস্ক
সানো: কাগজে-কলমে শক্তির বিচারে দুই দলের মধ্যে ব্যবধান ছিল বিস্তর। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন ভারত, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূলক নতুন জাপান। কিন্তু মাঠে সেই ব্যবধান কার্যত মুছে গেল। বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত মাত্র ২ রানে জয় পেল ভারত। হারলেও দুরন্ত লড়াই করে ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ল আয়োজক জাপান।
টাইফুন দুজুয়ানের প্রভাবে রাতভর বৃষ্টিতে সানোর মাঠের আউটফিল্ড ভিজে ছিল। একাধিকবার মাঠ পরিদর্শনের পর শেষ পর্যন্ত ম্যাচ পাঁচ ওভারে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার।
তবে শুরু থেকেই ভারতীয় ব্যাটিংকে চাপে ফেলে দেন জাপানের বোলাররা। কোনও রান না করেই ফেরেন অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন করেন ৯ রান এবং ঈশান কিষান ৩ রান। চার্লি হারা-হিঞ্জ, ইব্রাহিম তাকাহাশি ও বেঞ্জামিন ইতো-ডেভিসের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত রান তুলতে সমস্যায় পড়ে ভারত।
শেষদিকে অধিনায়ক শ্রেয়স আইয়ার ১৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ভর করে পাঁচ ওভারে ভারত ৩২ রান তুলতে সক্ষম হয়। ফলে জাপানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৩ রান।
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জাপান। ঈশান কিষানের দুরন্ত থ্রোয়ে রান আউট হন লাচলান ইয়ামামোতো-লেক। তবে অধিনায়ক কেন্ডেল কাডোভাকি-ফ্লেমিং এবং ইব্রাহিম তাকাহাশি জাপানকে ম্যাচে ধরে রাখেন।
শেষ ১২ বলে জয়ের জন্য জাপানের প্রয়োজন ছিল ১৫ রান। এমন পরিস্থিতিতে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ওয়াশিংটন সুন্দর। তাঁর স্পিনে পরপর ধাক্কা খায় জাপানের ব্যাটিং। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। কিন্তু চাপের মুখে লক্ষ্যে পৌঁছতে পারেনি আয়োজকরা। পাঁচ ওভারে ৩ উইকেটে ৩০ রানে থেমে যায় জাপানের ইনিংস। মাত্র ২ রানে জয় নিশ্চিত করে ভারত।
ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সুজুকি কাপের এই ম্যাচ শেষ পর্যন্ত স্মরণীয় হয়ে থাকল জাপানের লড়াইয়ের জন্যও। ফল ভারতের পক্ষে গেলেও বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে শেষ বল পর্যন্ত লড়াই করে নিজেদের সম্ভাবনার বার্তা দিল জাপান।
No Comment! Be the first one.