বালুচিস্তানে পাকিস্তানি সেনার গাড়িতে জোড়া হামলা, নিহত সেনা ও আধিকারিকরা

সকাল সকাল ডেস্ক:

ইসলামাবাদ: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আবারও জঙ্গি হামলার ঘটনা সামনে এল। গওয়াদর ও পাঞ্জগুর জেলায় ২ মে ঘটে যাওয়া দুটি পৃথক বিস্ফোরণে পাকিস্তানি সেনার গাড়িকে নিশানা করা হয়। এই হামলায় একাধিক সেনা জওয়ান ও সামরিক আধিকারিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

প্রথম হামলাটি ঘটে গওয়াদরের পাসনি এলাকার শাদিকুরে। সেখানে অজ্ঞাত দুষ্কৃতীরা পাকিস্তানি সেনার একটি গাড়িতে বোমা হামলা চালায়। শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন জওয়ানের মৃত্যু হয়।

এর কিছুক্ষণের মধ্যেই পাঞ্জগুর জেলার চিদগি এলাকায় একই ধরনের আরেকটি হামলা হয়। এই বিস্ফোরণে বেশ কয়েকজন সামরিক আধিকারিকের মৃত্যু হয়েছে বলে খবর। তবে সরকারি তরফে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

একটি প্রতিবেদন অনুযায়ী, খুজদার জেলা থেকে অপহৃত এক ব্যক্তিকে সরকারি সংস্থা মুক্তি দিয়েছে, যদিও একই সঙ্গে আরেকজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ধরনের অপহরণের প্রতিবাদে কোয়েটা প্রেস ক্লাবের সামনে চলা ধরনা রবিবার ৬১৫৩তম দিনে পড়েছে।

উল্লেখ্য, বালুচিস্তানে বালুচ জাতীয়তাবাদী গোষ্ঠী ও পাকিস্তান সরকারের মধ্যে সংঘাত বহু পুরনো। ১৯৪৭ সালের ১৫ আগস্ট কালাত নিজেকে স্বাধীন ঘোষণা করলেও, ১৯৪৮ সালের মার্চে পাকিস্তান সেটিকে দখল করে। এরপর থেকে একাধিক বিদ্রোহ হয়েছে, যার মধ্যে বর্তমান সশস্ত্র আন্দোলন ২০০০ সালের পর থেকে সবচেয়ে তীব্র।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বালুচিস্তানে গ্যাস, তেল, সোনা ও তামার মতো সম্পদ রয়েছে। বালুচ জাতীয়তাবাদীদের অভিযোগ, এই সম্পদের শোষণ করা হলেও অঞ্চলটি এখনও দেশের সবচেয়ে অনুন্নত ও দরিদ্র প্রদেশ হিসেবে রয়ে গেছে।

এই পরিস্থিতিতে বালুচ লিবারেশন আর্মি ও বালুচ লিবারেশন ফ্রন্টের মতো সশস্ত্র গোষ্ঠীগুলি ‘স্বাধীন বালুচিস্তান’-এর দাবিতে পাকিস্তানি সেনার উপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মাত্র ১০ দিনের মধ্যে ৪০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More