ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৩২ জনের, আহত ৭০০-র বেশি

সকাল সকাল ডেস্ক

কারাকাস: জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। স্থানীয় সময় অনুযায়ী বুধবার সন্ধ্যায় ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাসে একাধিক ঘর-বাড়ি ভেঙে পড়ে। আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২ ও ৭.৫। ভূমিকম্পে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে, এছাড়াও ৭০০-র বেশি মানুষ আহত হয়েছেন। অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি রদ্রিগেজ বলেছেন, ভেনিজুয়েলার একই এলাকায় ৭.২ ও ৭.৫ তীব্রতার ভূমিকম্পের পর ২০-বার আফটারশক অনুভূত হয়েছে। দ্বিতীয় ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং এর কেন্দ্রস্থল ছিল মোরোন থেকে ১৬ কিলোমিটার (১০ মাইল) দক্ষিণ-পশ্চিমে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দু’টি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির মাত্রা ৭.৫। ভূমিকম্পের পর শক্তিশালী আফটারশক অনুভূত হতে পারে। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। রাজধানী কারাকাস-সহ বিভিন্ন এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। বাসিন্দারা দ্রুত বহুতল ছেড়ে বাইরে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

এই ভূমিকম্পে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানিয়েছেন, ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসযজ্ঞে আমরা গভীরভাবে মর্মাহত। ভারতের জনগণের পক্ষ থেকে আমি ভেনিজুয়েলা সরকার ও জনগণের প্রতি, বিশেষ করে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত সকলের পাশে আছি। ভারত সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদানে প্রস্তুত।

Read More News

Read More