জবরাহ উচ্চ বিদ্যালয়ে হুড়া থানার বিশেষ উদ্যোগ: ট্রাফিক আইন, সাইবার অপরাধ ও বাল্যবিবাহ রোধে  সচেতনতা শিবির

সকাল সকাল ডেস্ক

শেফালী মাহাতো, পুরুলিয়া:

সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সামাজিক ব্যাধি দূর করতে এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ। আজ পুরুলিয়া জেলা পুলিশের হুড়া থানার বিশেষ তৎপরতায় জবরাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ট্রাফিক নিয়ম, সাইবার অপরাধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ শিবিরে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন হুড়া থানার পুলিশ আধিকারিকরা। বর্তমান সময়ে দাঁড়িয়ে পথ নিরাপত্তা যেভাবে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে, সে কথা মাথায় রেখে অনুষ্ঠানে নিরাপদ সড়ক ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয়। ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার এবং নাবালকদের গাড়ি বা বাইক চালানো থেকে বিরত থাকার বিষয়ে পড়ুয়াদের কড়া বার্তা দেওয়া হয়।

এবং

স্মার্টফোন ও ইন্টারনেটের যুগে প্রতিনিয়ত বাড়তে থাকা অনলাইন জালিয়াতি ও প্রতারণা নিয়ে আলোচনা ছিল এই শিবিরের অন্যতম মূল আকর্ষণ। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা যাতে কোনোভাবেই অনলাইন ব্ল্যাকমেইলিং, ফেক অ্যাকাউন্ট বা লটারি-লিংকের ফাঁদে পা না দেয়, সেই বিষয়ে পুলিশ কর্মকর্তারা অত্যন্ত সহজ ভাষায় বিভিন্ন বাস্তব উদাহরণ তুলে ধরেন। কোনো অপরিচিত ব্যক্তির সাথে ওটিপি (OTP) বা ব্যক্তিগত ছবি শেয়ার না করার জন্য ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেওয়া হয়।

তাছাড়া সমাজের অন্যতম বড় অভিশাপ ‘বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব’ সম্পর্কে আলোকপাত করা হয়। অল্প বয়সে বিয়ের কারণে মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ কীভাবে বাধাগ্রস্ত হয় এবং তা আইনের দৃষ্টিতে কতটা বড় অপরাধ, সে সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। স্কুল স্তরেই যাতে কোনো শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার না হয়, তার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কর্মসূচির শেষে উপস্থিত সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষকদের হাতে পুলিশের জরুরি নম্বর সংবলিত বিশেষ ‘কন্ট্যাক্ট স্লিপ’ বা যোগাযোগ পত্র তুলে দেওয়া হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো জরুরি প্রয়োজনে বা কোনো বিপদের আশঙ্কা দেখলে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা যাতে সরাসরি ও দ্রুততম সময়ে পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন, তার জন্যই এই বিশেষ কন্ট্যাক্ট স্লিপের ব্যবস্থা করা হয়েছে। পুলিশের এই সময়োপযোগী ভূমিকায় অত্যন্ত খুশি জবরাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও স্থানীয় বাসিন্দারা।

Read More News

Read More