সকাল সকাল ডেস্ক
মাদ্রিদ/প্যারিস/রোম: তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের জেরে দক্ষিণ ইউরোপের একাধিক দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। স্পেন, ফ্রান্স ও ইতালির বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে গিয়ে প্রাণ হারিয়েছেন তিন দমকলকর্মী।
ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি পৌঁছেছে। ইউরোপীয় বন অগ্নি তথ্য ব্যবস্থা (ইএফএফআইএস)-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের গ্রীষ্মকাল এখনও অর্ধেকও শেষ হয়নি। এর মধ্যেই দাবানলে পুড়ে যাওয়া জমির পরিমাণ গত দুই দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
ইতালির সিসিলি দ্বীপে কয়েক দিন ধরেই একাধিক দাবানল জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় ছয় হাজার দমকলকর্মী, বনরক্ষী ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্য কাজ করছেন। ইতালি সরকার জানিয়েছে, আগুন নেভানোর সময় অসুস্থ হয়ে এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া কালাব্রিয়া অঞ্চলেও ১৬০টির বেশি দাবানলের ঘটনা ঘটেছে।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লে পর্জ এলাকায় দাবানলের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বোর্দোর উপকূলবর্তী পাইন অরণ্যে আগুন ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার ১০ হাজারেরও বেশি পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা জুলি লিওনার্দ জানান, বিকেলের দিকে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।
ফরাসি প্রশাসনের তথ্য অনুযায়ী, বুধবার থেকে লে পর্জ এলাকায় প্রায় ২,৪০০ হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। এখনও পর্যন্ত কোনও বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা প্রাণহানির খবর না মিললেও, মঙ্গলবার বোর্দো বিমানবন্দরের কাছে আরেকটি দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই দমকলকর্মীর মৃত্যু হয়েছে।
অন্যদিকে স্পেনে রাজধানী মাদ্রিদের দক্ষিণে বড় একটি দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। জরুরি পরিষেবা জানিয়েছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বেশিরভাগ বাসিন্দাকে বাড়িতে ফিরতে অনুমতি দেওয়া হয়েছে। তবে মাদ্রিদের উত্তরের গুয়াদালাহারা প্রদেশে আরও একটি ভয়াবহ দাবানল এখনও জ্বলছে। সেখানে শত শত দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ইতিমধ্যেই প্রায় ৩২ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার কারণে ইউরোপে দাবানলের ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দেশগুলোর প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
No Comment! Be the first one.