সকাল সকাল ডেস্ক
লন্ডন: ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তিন লেবার সাংসদ—কানিশ্ক নারায়ণ, সৎবীর কৌর এবং হরপ্রীত উপ্পল। তাঁদের অন্তর্ভুক্তির ফলে ব্রিটিশ সরকারের শীর্ষস্তরে ভারতীয় বংশোদ্ভূত প্রতিনিধিদের উপস্থিতি আরও জোরদার হল।
সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিহারের মুজফ্ফরপুরে জন্মগ্রহণকারী কানিশ্ক নারায়ণ। তাঁকে দেশের নবগঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে। তিনি ক্যাবিনেট অফিসের পাশাপাশি ব্যবসা, উদ্ভাবন, বিজ্ঞান ও বাণিজ্য দফতরের দায়িত্বও সামলাবেন। এআই নীতি, প্রযুক্তি উন্নয়ন এবং উদ্ভাবন সংক্রান্ত সরকারি পরিকল্পনায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
শৈশবে পরিবারের সঙ্গে ব্রিটেনে পাড়ি দেওয়া কানিশ্ক নারায়ণ ওয়েলসে বেড়ে ওঠেন। ইটন কলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ২০২৪ সালে ভেল অব গ্ল্যামরগান কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন। পরে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেবার সাংসদ সৎবীর কৌরও। তাঁকে সমতা বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে। পাশাপাশি তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন। নারী ও কিশোরীদের বিরুদ্ধে হিংসা প্রতিরোধ, সমতা রক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে।
ভারতীয় বংশোদ্ভূত আর এক সাংসদ হরপ্রীত উপ্পলকে অ্যাসিস্ট্যান্ট হুইপ করা হয়েছে। সংসদে সরকারি কাজের সমন্বয়, গুরুত্বপূর্ণ ভোটে সাংসদদের উপস্থিতি নিশ্চিত করা এবং দলীয় অবস্থান অনুযায়ী ভোটদানে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন তিনি। ২০২৪ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হওয়ার আগে অ্যান্ডি বার্নহ্যামের মেয়র নির্বাচনী প্রচারেও যুক্ত ছিলেন।
এছাড়া শ্রীলঙ্কার তামিল হিন্দু বংশোদ্ভূত উমা কুমারনকে বিদেশ মন্ত্রকের জুনিয়র মন্ত্রী করা হয়েছে। এর ফলে বর্তমান ফ্রন্ট বেঞ্চে দুই হিন্দু ও দুই শিখ মন্ত্রী রয়েছেন।
অন্যদিকে, ভারতীয় বংশোদ্ভূত লিসা নন্দী সংস্কৃতি সচিব হিসেবে নিজের পদ ধরে রেখেছেন। তাঁর পারিবারিক শিকড় কলকাতার সঙ্গে যুক্ত। লিসা নন্দীর বাবা কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন।
তবে মন্ত্রিসভার রদবদলে কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত নেতা দায়িত্ব হারিয়েছেন। ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রাক্তন মন্ত্রী সীমা মালহোত্রা এবং প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রীত কৌর গিল নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। তাঁরা সাধারণ সাংসদ হিসেবেই কাজ চালিয়ে যাবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূতদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া ব্রিটেনের বহুসাংস্কৃতিক রাজনৈতিক ব্যবস্থার প্রতিফলন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ভবিষ্যতমুখী খাতে কানিশ্ক নারায়ণের নিয়োগ আন্তর্জাতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
No Comment! Be the first one.