জার্মানিতে বাড়ির ছাদে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, নিহত ২

সকাল সকাল ডেস্ক

বার্লিন: জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার একটি ছোট ব্যক্তিগত বিমান আবাসিক এলাকায় একটি বাড়ির ছাদে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় বিমানে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওল্ডেনবুর্গের কাছে গ্যান্ডারকেজে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিমানটি একটি বাড়ির ঢালু ছাদে সজোরে আছড়ে পড়ে এবং ছাদের ভিতরে ঢুকে যায়।

প্রথমে পুলিশ জানিয়েছিল, বিমানে থাকা দুই আরোহীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অপরজন নিখোঁজ রয়েছেন। পরে ধ্বংসাবশেষ সরানোর দীর্ঘ ও জটিল অভিযানের পর নিশ্চিত করা হয়, দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। মৃতদের বয়স যথাক্রমে ৬৫ ও ৭৭ বছর। তাঁরা দু’জনেই জার্মানির ব্রেমেন শহরের বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের বাড়িগুলি খালি করে দেওয়া হয়। ধ্বংসাবশেষ সরানোর কাজ শেষ হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের নিরাপদে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। তবে এটি প্রযুক্তিগত ত্রুটি, প্রতিকূল আবহাওয়া নাকি অন্য কোনও কারণে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

Read More News

Read More