সকাল সকাল ডেস্ক
বারাণসী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দুদিনের সফরে নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে পৌঁছেছেন। বাবলপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ওয়ানের বিশেষ বিমানে প্রধানমন্ত্রী নামতেই সেখানে আগে থেকে উপস্থিত উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুষ্পস্তবক দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠকও।
বিমানবন্দরে মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর কড়া নিরাপত্তার মধ্যে বায়ুসেনার হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী বরেকার উদ্দেশে রওনা হন। বরেকার অস্থায়ী হেলিপ্যাডেও রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী তাঁকে স্বাগত জানান। সেখানে বিজেপি-র জাতীয় সম্পাদক নিতিন নবীন, রাজ্য বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী সহ অন্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে ৫৪–তম সফরে আসা প্রধানমন্ত্রী মোদী বরেকা ইন্টার কলেজ ময়দানে আয়োজিত বিশাল মঞ্চ থেকে মহিলা সম্মেলনে ভাষণ দেবেন। এই সম্মেলনের মঞ্চ থেকে গ্যালারি পর্যন্ত সর্বত্র শুধুমাত্র মহিলাদের উপস্থিতি থাকবে। নারী সম্মান, নিরাপত্তা, স্বনির্ভরতা এবং সমান সুযোগের মতো বিষয় নিয়ে মোদী তাঁদের সঙ্গে কথা বলবেন।
বিজেপির কাশী অঞ্চলের সভাপতি দিলীপ প্যাটেলের দেওয়া তথ্য অনুযায়ী, জনসভা থেকেই প্রধানমন্ত্রী বারাণসীর জন্য ৬৩৩২ কোটি টাকার ১৬৩টি প্রকল্পের উপহার দেবেন। এর মধ্যে ১০৫৪.৬৯ কোটি টাকার ৫০টি প্রকল্পের উদ্বোধন এবং ৫২৭৭.৩৯ কোটি টাকার ১১৩টি প্রকল্পের শিলন্যাস অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, ‘বানাস’ (আমূল)-এর সঙ্গে যুক্ত রাজ্যের লক্ষাধিক দুগ্ধ উৎপাদনকারী কৃষকদের অ্যাকাউন্টে ১০৫ কোটি টাকার বোনাস ট্রান্সফার করবেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন— বেনারস-পুণে (হাড়পসর) এবং অযোধ্যা-মুম্বই (লোকমান্য তিলক টার্মিনাস)-এর সবুজ পতাকা দেখিয়ে সূচনা করবেন। রাতে বারাণসীতে বিশ্রামের পর পরের দিন তিনি বাবা বিশ্বনাথ মন্দিরে পুজো দেবেন।
No Comment! Be the first one.