রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, বদলি ১৭৯ আইপিএস ও ডব্লিউবিপিএস অফিসার

সকাল সকাল ডেস্ক

কলকাতা, ৮ জুন : বিধানসভা নির্বাচনের পর প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করতে রাজ্য পুলিশে বড়সড় রদবদল করল নবান্ন। সোমবার রাজ্য স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে ১৭৯ জন আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকের বদলি ও পদোন্নতির ঘোষণা করা হয়েছে। পুলিশ সুপার, ডিসিপি, আইজিপি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে এই পরিবর্তন আনা হয়েছে।

বদলির তালিকায় ডায়মন্ড হারবার, বীরভূম, বারাসাত, পূর্ব বর্ধমান, বারুইপুর, বাঁকুড়া, হাওড়া গ্রামীণ ও হুগলি গ্রামীণের মতো গুরুত্বপূর্ণ জেলার পুলিশ প্রশাসনের শীর্ষ পদগুলিও রয়েছে। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানি পালকে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের ডিসি পদে আনা হয়েছে। বীরভূমের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদিত রাজ বুন্দেশ, যিনি এতদিন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ শাখায় কর্মরত ছিলেন।

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাসকে কলকাতা পুলিশের উত্তর বিভাগের ডিসি করা হয়েছে। বারাসাতের পুলিশ সুপার পদে দায়িত্ব পেয়েছেন আইপিএস জে মার্সি। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশিকে উত্তরবঙ্গ এসটিএফ-এর সুপার পদে পাঠানো হয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার করা হয়েছে।

উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ বদলি হয়েছে। রাজেশ কুমার যাদবকে বাঁকুড়া রেঞ্জের আইজিপি পদ থেকে সরিয়ে এসটিএফ-এর আইজিপি করা হয়েছে। দীপ নারায়ণ গোস্বামীকে মালদা রেঞ্জ থেকে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে আনা হয়েছে। গৌরব শর্মা পেয়েছেন এসটিএফ-এর আইজিপি পদ। দীর্ঘ প্রতীক্ষার পর মুরলি ধরকে রাজ্য গোয়েন্দা শাখা (আইবি)-র আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একইসঙ্গে একাধিক আধিকারিকের পদোন্নতিও ঘোষণা করা হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজার পদমর্যাদা ডিআইজি থেকে উন্নীত করে আইজিপি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) সোমা দাস মিত্র পদোন্নতি পেয়ে আইজিপি (পলিসি) হয়েছেন। অর্ণব ঘোষ হয়েছেন আইজিপি কোস্টাল সিকিউরিটি এবং অলোক রাজোরিয়া আইজিপি (লিগ্যাল) পদে উন্নীত হয়েছেন।

পুলিশ প্রশাসনের এই ব্যাপক রদবদলকে নির্বাচনের পর আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন প্রশাসনিক মহলের একাংশ।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More