হকিতে বিধ্বস্ত কোরিয়া, কবাডিতে পদকের আরও কাছে ভারত

সকাল সকাল ডেস্ক

এশিয়ান গেমসে ভারতীয় দলের দাপট অব্যাহত। বৃহস্পতিবার জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে একদিকে হকির টার্ফে দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে বিধ্বস্ত করল ভারতীয় পুরুষ দল। অন্যদিকে কবাডিতে চাইনিজ তাইপেকে ৩৭-২১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একই দিনে দুই দলের দুরন্ত পারফরম্যান্সে পদকের আশা আরও উজ্জ্বল হল ভারতের।

কাকামিগাহারার গ্রিন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ক্রেগ ফুল্টনের দল। মাত্র চার মিনিটের মাথায় কঠিন কোণ থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন শিলানন্দ লাকড়া। দশম মিনিটে ব্যবধান বাড়ান সুখজিৎ সিং। তার এক মিনিট পর পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের নিখুঁত ড্র্যাগ ফ্লিকে স্কোর হয়ে যায় ৩-০।

এরপরও ভারতের আক্রমণের গতি কমেনি। অভিষেক ও দিলপ্রীত সিং জোড়া গোল করেন। শেষ দিকে রাজিন্দর সিংয়ের গোল ভারতের বড় জয় নিশ্চিত করে। দক্ষিণ কোরিয়ার হয়ে কিম জে-হো এবং কিম ইয়ং বক দুটি গোল করলেও ম্যাচে ফিরতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৮-২ ব্যবধানে জয় তুলে নেয় ভারত।

পুল এ-তে টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। এর আগে ইন্দোনেশিয়াকে ১৩-১ এবং শ্রীলঙ্কাকে ১৬-১ গোলে হারিয়েছিল দল। শনিবার ভারতের পরবর্তী প্রতিপক্ষ জাপান।

অন্যদিকে কবাডিতেও ভারতের জয়যাত্রা অব্যাহত। চাইনিজ তাইপেকে ৩৭-২১ ব্যবধানে হারিয়ে গ্রুপ এ-র শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারতীয় পুরুষ দল।

ম্যাচের শুরু থেকেই আসলাম ইনামদার ও রাহুল শেঠপালের পারফরম্যান্সে চাপে পড়ে যায় চাইনিজ তাইপে। বিশেষ করে রাহুলের একের পর এক সফল ‘অ্যাঙ্কেল হোল্ড’ বিপক্ষের রেডারদের সমস্যায় ফেলে। প্রথমার্ধ শেষে ২৩-১১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত।

দ্বিতীয়ার্ধেও নিয়ন্ত্রণ ধরে রাখে ভারত। দেবাঙ্ক দালাল ও অয়ন লোহচাব নিয়মিত পয়েন্ট এনে ব্যবধান আরও বাড়ান। ম্যাচে সফল রেড থেকে ২৮ এবং অলআউট থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে ভারত। এর আগে দক্ষিণ কোরিয়া, জাপান ও বাংলাদেশকেও হারিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

২৫ সেপ্টেম্বর সেমিফাইনালে নামবে ভারত। ১৯৯০ সালে এশিয়ান গেমসে কবাডি অন্তর্ভুক্ত হওয়ার পর ভারতীয় পুরুষ দল আটবার সোনা জিতেছে। এবার লক্ষ্য নবম সোনা।

পুরুষদের পাশাপাশি ভারতের মহিলা কবাডি দলও দুরন্ত ছন্দে রয়েছে। বাংলাদেশকে হারানোর পর ইরানের বিরুদ্ধে ৩৭-২৩ ব্যবধানে জয় পেয়েছে তারা। তাদের পরবর্তী প্রতিপক্ষ জাপান।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More