গণনা কেন্দ্রের নিয়মাবলী নিয়ে মালদায় সর্বদলীয় বৈঠক, কড়া নজরদারির বার্তা প্রশাসনের

সকাল সকাল ডেস্ক

মালদা :-নির্বাচন পরবর্তী গণনা কেন্দ্রের নিরাপত্তা ও নিয়মাবলী নিয়ে শনিবার মালদায় সর্বদলীয় বৈঠক করল জেলা প্রশাসন ও পুলিশ। জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং-সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। পাশাপাশি শাসক ও বিরোধী দলের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন।বৈঠকে মালদার দুটি গণনা কেন্দ্র—মালদা কলেজ ও পলিটেকনিক কলেজ—সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা তুলে ধরা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদা কলেজে পাঁচটি এবং পলিটেকনিক কেন্দ্রে সাতটি বিধানসভা এলাকার ভোটগণনা হবে। সকাল সাতটার মধ্যে নির্দিষ্ট প্রবেশপথ ব্যবহার করে রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণনা কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রবেশের সময় নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।বৈঠকে জায়েন্ট স্ক্রিনে ড্রোনে তোলা গণনা কেন্দ্রের ছবি দেখিয়ে প্রবেশ ও বাহিরের রূপরেখাও ব্যাখ্যা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে পার্কিং, শৌচালয়-সহ প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থার কথাও জানানো হয়েছে।জেলাশাসক ও পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন, ভোটের ফলাফল ঘোষণার পর কোনও রকম অশান্তি বা হিংসা বরদাস্ত করা হবে না। গোটা জেলাজুড়ে কড়া নজরদারি চালাবে পুলিশ ও প্রশাসন।

Read More News

Read More