সকাল সকাল ডেস্ক
জুরিখ
বিশ্বকাপ জয়ের পর অধিনায়কের হাতে ট্রফি ওঠার মুহূর্ত ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন এবং স্মরণীয় দৃশ্য। বছরের পর বছর ধরে এই অনুষ্ঠান নির্দিষ্ট প্রোটোকল মেনেই অনুষ্ঠিত হয়ে এসেছে। তবে এবার সেই ঐতিহ্যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। খবর অনুযায়ী, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের পর বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ইঙ্গিত অনুযায়ী, ফাইনালের ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি এবং ট্রাম্প একসঙ্গে উপস্থিত থাকবেন। শুধু উপস্থিতিই নয়, ট্রফি হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। যদি তা হয়, তাহলে বিশ্বকাপের দীর্ঘদিনের প্রথায় একটি বড় পরিবর্তন দেখা যাবে।
এতদিন ফিফার নির্ধারিত নিয়ম অনুযায়ী ট্রফি প্রথমে একটি নির্দিষ্ট পাদানিতে রাখা হতো। এরপর ফিফার কর্মকর্তারা বা বিশেষ প্রতিনিধিরা সেটি বিজয়ী দলের অধিনায়কের কাছে পৌঁছে দিতেন। অধিনায়ক ট্রফি উঁচিয়ে ধরার সঙ্গে সঙ্গেই শুরু হতো উদযাপন। কিন্তু এবার ট্রাম্পের সরাসরি ট্রফি হস্তান্তরের সম্ভাবনা সেই পরিচিত চিত্রে নতুন মাত্রা যোগ করতে পারে।
এই সম্ভাব্য সিদ্ধান্তকে ঘিরে বিতর্কের অন্যতম কারণ গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনাল। সেই ম্যাচের ট্রফি প্রদানের সময় ডোনাল্ড ট্রাম্প মঞ্চে উপস্থিত ছিলেন এবং ট্রফি তোলার মুহূর্তেও সেখানেই দাঁড়িয়ে থাকেন। চেলসি অধিনায়ক রিস জেমস ট্রফি তুললেও ক্যামেরার ফোকাসের বড় অংশ জুড়ে ছিলেন ট্রাম্প। ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই মনে করেছিলেন, খেলোয়াড়দের সাফল্যের মুহূর্তে অন্য কোনও ব্যক্তিত্বের এতটা কেন্দ্রীয় উপস্থিতি বিতর্ক তৈরি করতে পারে।
এবারের বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের নানা বিষয়ও আলোচনায় রয়েছে। টিকিটের মূল্য, স্টেডিয়ামের পরিষেবা, ৪৮ দলের সম্প্রসারিত ফরম্যাট এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সমালোচনা হয়েছে। সেই তালিকায় এবার যোগ হতে পারে ট্রফি প্রদান অনুষ্ঠানও।
যদিও ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে পুরো প্রক্রিয়ার বিস্তারিত ঘোষণা করেনি, তবুও ফুটবলমহলে আলোচনা তুঙ্গে। বিশ্বকাপের সবচেয়ে গৌরবময় মুহূর্তে যদি সত্যিই মার্কিন প্রেসিডেন্ট ট্রফি তুলে দেন, তবে তা নিঃসন্দেহে ইতিহাসে একটি ব্যতিক্রমী অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তবে এই পরিবর্তনকে সমর্থন করা হবে নাকি সমালোচনা, তার উত্তর মিলবে ফাইনালের মঞ্চেই।
No Comment! Be the first one.