সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনা কেন্দ্রীয় সরকারের অন্যতম জাতীয় অগ্রাধিকার বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন পলাতক অপরাধীকে প্রত্যর্পণ বা অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, পলাতক অর্থনৈতিক অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ২০১৮ সালে পলাতক অর্থনৈতিক অপরাধী আইন প্রণয়ন করা হয়। এই আইনের মাধ্যমে নির্দিষ্ট ক্ষেত্রে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আরও কার্যকরভাবে গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
মন্ত্রকের দাবি, পলাতক অপরাধীদের শনাক্তকরণ, নজরদারি এবং প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত বর্তমানে একটি সমন্বিত, গোয়েন্দা-নির্ভর ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তুলেছে। আন্তর্জাতিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির ফলে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের আগে ভারতের মাত্র ৩৭টি দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি কার্যকর ছিল। পাশাপাশি অর্থনৈতিক অপরাধে অভিযুক্ত পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য পৃথক কোনও আইনও ছিল না। মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে ভারত গড়ে বছরে মাত্র চারজন পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল। একই সময়ে প্রত্যর্পণ সংক্রান্ত ১১০টি আবেদন বিভিন্ন দেশে নিষ্পত্তির অপেক্ষায় ছিল।
স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, বর্তমান সরকার পলাতক অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এই লক্ষ্যেই আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে বলেও মন্ত্রক জানিয়েছে।
No Comment! Be the first one.