সকাল সকাল ডেস্ক
ইসলামাবাদ: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাকিস্তানি ব্যবসায়ীদের ভিসা ইস্যু নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবি, ইউএই নীরবে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রদান সীমিত বা কার্যত বন্ধ করে দিয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আমিরাত প্রশাসন।
পাকিস্তানি ব্যবসায়ী মহলের অভিযোগ, ভিসা না পাওয়ায় দুবাই, আবুধাবি ও শারজাহে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বৈঠক, আন্তর্জাতিক প্রদর্শনী এবং বাণিজ্যিক কর্মসূচিতে অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানসহ সব দেশের আবেদনকারীদের ভিসা নির্ধারিত নিয়ম মেনেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে। কোনও দেশের নাগরিকদের বিরুদ্ধে আলাদা করে ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলেও দাবি করেছে তারা।
রাওয়ালপিন্ডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শওকত বলেন, দীর্ঘদিন ধরে ইউএই-তে ব্যবসা পরিচালনা করা একাধিক পাকিস্তানি উদ্যোক্তাও সম্প্রতি ভিসা পাননি। ফলে তাঁদের ব্যবসায়িক সফর এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
পাকিস্তান নুন উৎপাদক সমিতির চেয়ারম্যান ইসমাইল সুত্তরের দাবি, ইউএই-নির্ভর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মধ্যে ভিসা-সংক্রান্ত অনিশ্চয়তা বাড়ছে। বিষয়টি নিয়ে করাচি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইতিমধ্যেই ইউএই-র কনসাল জেনারেলের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি বলে তাদের দাবি।
এদিকে, শিগগিরই দুবাইয়ে আন্তর্জাতিক খাদ্য ও পানীয় শিল্পের একটি বড় প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে অংশগ্রহণ নিয়ে পাকিস্তানি ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং একই সময়ে ইউএই-পাকিস্তান সম্পর্কের কিছু কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ভিসা বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। তবে ভিসা সমস্যার সঙ্গে এই কূটনৈতিক পরিস্থিতির সরাসরি যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি।
No Comment! Be the first one.