‘আমার কথা তারা শোনে’, ট্রাম্পের মন্তব্যের পরই লেবাননে ইজরায়েলি হামলা, নিহত ৫

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন/বেইরুট: ইজরায়েলের ওপর নিজের প্রভাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মবিশ্বাসী মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েল। শনিবারের এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। ফলে সদ্য ঘোষিত যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইজরায়েল তাঁর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং তিনি যা বলেন, তারা তা-ই করে। লেবাননে সম্ভাব্য সামরিক অভিযান রোধে তিনি ইজরায়েলকে প্রভাবিত করতে পারবেন কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্পের জবাব ছিল, ‘‘হ্যাঁ, আমি পারব। আমার প্রতি তাদের অনেক শ্রদ্ধা রয়েছে।’’

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘সম্পর্ক ভালো, তবে তাঁকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হয়।’’ যদিও তেহরানের সঙ্গে সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে ইজরায়েলের সামরিক অভিযান নিয়ে অতীতেও অসন্তোষ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, তাঁর বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের কারণেই ইজরায়েলের নিরাপত্তা সুরক্ষিত রয়েছে। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) বাতিল করার সিদ্ধান্তকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তাঁর দাবি, সেই চুক্তি বহাল থাকলে ইরান অনেক আগেই পরমাণু অস্ত্রের কাছাকাছি পৌঁছে যেতে পারত।

ইরানের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা নিয়েও আশাবাদী সুর শোনা যায় ট্রাম্পের বক্তব্যে। তাঁর মতে, দীর্ঘমেয়াদি সংঘাত এড়ানো সম্ভব হওয়ায় বিশ্ব অর্থনীতি বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে।

সাক্ষাৎকারের এক পর্যায়ে নিজের রাজনৈতিক প্রভাব সম্পর্কে ট্রাম্প বলেন, বাস্তবে তাঁর কার্যক্ষমতার পরিসর অত্যন্ত বিস্তৃত। তবে এই মন্তব্যকে ঘিরেও রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে, দক্ষিণ লেবাননে নতুন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। যুদ্ধবিরতির পর এত দ্রুত পুনরায় সংঘর্ষের ঘটনা কূটনৈতিক প্রচেষ্টার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

Read More News

Read More