সকাল সকাল ডেস্ক
টোকিও : জাপানের কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কম্পনের পরই সুনামি সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।
জেএমএ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কুমামোতো প্রদেশে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। সংস্থার আশঙ্কা, উপকূলে সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কিউশু দ্বীপের কেন্দ্রস্থলে অবস্থিত কুমামোতো প্রদেশে জাপানের ভূমিকম্প তীব্রতা সূচকে উকি ও হিকাওয়া এলাকায় সর্বোচ্চ ৭ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। আশপাশের একাধিক এলাকায় তীব্রতা ৬-এরও বেশি ছিল।
স্থানীয় দমকল বিভাগ ও বিদ্যুৎ সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পে বহু মানুষ আহত হয়ে থাকতে পারেন। এছাড়া প্রায় ৪৮ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রতিবেশী কাগোশিমা প্রদেশে কম্পনের তীব্রতা ৫-এর বেশি, আর ফুকুওকা ও সাগা প্রদেশে ৫-এর কম ছিল।
কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, কাগোশিমার সেন্দাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং সাগা প্রদেশের গেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনও অস্বাভাবিকতা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সুনামি সতর্কতা জারির পর উপকূলবর্তী এলাকায় অবিলম্বে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আরিয়াকে ও ইয়াতসুশিরো সাগর উপকূলের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্র ও উপকূলবর্তী এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কাউকে সমুদ্রে বা উপকূলের কাছাকাছি না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রদেশে জরুরি সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের শান্ত থাকার, প্রশাসনের নির্দেশ মেনে চলার এবং শুধুমাত্র সরকারি সূত্রে প্রকাশিত তথ্যের উপর নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
No Comment! Be the first one.