সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : অনশনের ২০তম দিনেও আন্দোলন থেকে সরলেন না সমাজকর্মী সোনম ওয়াংচুক। শারীরিক অবস্থার অবনতি হলেও শুক্রবারও দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যান তিনি। এদিন তাঁর সঙ্গে দেখা করে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন কংগ্রেস নেতা পবন খেরা।
সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি আন্দোলনের দাবির প্রতি কংগ্রেসের সমর্থনের কথা জানান পবন খেরা। তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত এবং কেন্দ্রীয় সরকারের উচিত দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেওয়া।
পবন খেরা অভিযোগ করেন, গণতান্ত্রিক উপায়ে আন্দোলনরত মানুষের বক্তব্য শোনা সরকারের দায়িত্ব। তিনি অনশনকারীদের পাশে থাকার আশ্বাসও দেন।
উল্লেখ্য, টানা ২০ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। প্রথম দিকে আন্দোলনে মানুষের অংশগ্রহণ তুলনামূলক কম থাকলেও, গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ার সঙ্গে সঙ্গে যন্তর মন্তরে সমর্থকদের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ইতিমধ্যেই বিরোধী শিবিরের একাধিক নেতা ও সাংসদ তাঁর সঙ্গে দেখা করেছেন এবং আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন।
No Comment! Be the first one.