সিকিম টানেল দুর্ঘটনায় নিহতদের পরিবারে ২১ লক্ষ টাকা সহায়তা, চাকরির ঘোষণা; পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার আহ্বান মুখ্যমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক

কলকাতা

সিকিমের টানেল দুর্ঘটনায় প্রাণ হারানো উত্তরবঙ্গের পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলির পাশে দাঁড়িয়ে একাধিক আর্থিক ও পুনর্বাসনমূলক পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মেটেলি ও নাগরাকাটা ব্লকে নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করে তিনি জানান, মানবিক দায়িত্ব থেকেই সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে ঝুঁকিপূর্ণ কাজে না গিয়ে পশ্চিমবঙ্গে ফিরে এসে কাজ করার আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রী জানান, সিকিমের দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে ১১ জনই উত্তরবঙ্গের বাসিন্দা। তাঁদের পরিবারের জন্য কেন্দ্র, রাজ্য ও সংশ্লিষ্ট সংস্থার যৌথ উদ্যোগে মোট ২১ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা, সিকিম সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা ও ঠিকাদার সংস্থা ‘প্যাটেল প্রাইভেট লিমিটেড’-এর তরফে যৌথভাবে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।

শুধু আর্থিক সহায়তাই নয়, নিহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে। সাতজনকে রাজ্য পুলিশের হোমগার্ড পদে এবং শারীরিক যোগ্যতার নির্দিষ্ট মান পূরণ করতে না পারা চারজনকে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এটি কোনও গাফিলতির ঘটনা নয়, বরং একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ঘটনার পর থেকেই সিকিম সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। দ্রুত বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিব, উত্তরবঙ্গের আইজি এবং স্থানীয় বিধায়ককে ঘটনাস্থলে পাঠানো হয়। ভারতীয় সেনা, সিকিম প্রশাসন এবং পশ্চিমবঙ্গের বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে বলেও তিনি জানান।

এদিন তিনি রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে বলেন, বর্তমান সরকার শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। তাই ঝুঁকি নিয়ে ভিনরাজ্যে না গিয়ে বাংলাতেই ফিরে এসে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, নতুন শিল্প স্থাপন, কারখানায় কর্মসংস্থান এবং সরকারি চাকরির সুযোগ ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি অবিন্যস্ত শ্রমিকদের জন্য বছরে ১২৫ দিনের কাজ, দৈনিক ৩০০ টাকা মজুরি এবং সামাজিক সুরক্ষা প্রকল্প আরও জোরদার করার কথাও জানান।

স্বাস্থ্য পরিষেবায় নতুন উদ্যোগের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী ১৬ আগস্ট ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করা হবে বলে জানান তিনি। রাজ্যের প্রায় ৪০ লক্ষ প্রবীণ নাগরিককে ‘আয়ুষ্মান ভারত’ কার্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি যাঁরা এই প্রকল্পের আওতায় থাকবেন না, তাঁদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দিতে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’ চালুর কথাও ঘোষণা করেন।

উত্তরবঙ্গের শিল্পোন্নয়ন নিয়েও একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মালদহে আম ও লিচু, উত্তরবঙ্গে মাখানা, আনারস, ভুট্টা ও তুলাইপাঞ্জি চালকে কেন্দ্র করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘আমূল’-এর আইসক্রিম কারখানার জন্য জমি বরাদ্দ এবং বন্ধ চা বাগান পুনরুজ্জীবনের লক্ষ্যে ৩৩০ কোটি টাকার প্রকল্পের কথাও জানান তিনি। তাঁর আশা, আগামী কয়েক মাসের মধ্যেই উত্তরবঙ্গের একাধিক বন্ধ চা বাগান ফের চালু হবে এবং এই অঞ্চলকে ঘিরেই রাজ্যের শিল্পোন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।

Read More News

হাসপাতাল থেকে ছুটি পেয়েই রাজঘাটে সোনম ওয়াংচুক, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : গুরুগ্রামের মেদান্তা হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই দিল্লির রাজঘাটে...

আইনি সচেতনতার পাশাপাশি ১০৫ জন উপভোক্তার হাতে ১০৫.৯৪ কোটি টাকার সরকারি সম্পদ ও সুবিধা তুলে দিল ডিএলএসএ

পশ্চিম সিংভূম: ঝাড়খণ্ড রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশনায় রবিবার কোলহান বিশ্ববিদ্যালয়...

ঝাড়খণ্ডে পরিষ্কার আকাশে বাড়ল গরম ও অস্বস্তি, ৩০ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা

রাঁচি: ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি-সহ রাজ্যের একাধিক জেলায় শনিবার থেকে আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা...

Read More