রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনের বিস্তীর্ণ ভূখণ্ড, কিয়েভের নিহত সেনা ১,৩৫৫-এর বেশি

সকাল সকাল ডেস্ক

মস্কো: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সেনারা সাম্প্রতিক বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনের দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও জাপোরিঝিয়া অঞ্চলের দুটি গ্রাম মুক্ত করেছে। একই সঙ্গে, উচ্চপদস্থ সামরিক বৈঠকে জানানো হয়েছে— এই বছর রাশিয়া ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা দখল করেছে। গত এক দিনে ইউক্রেনের ১,৩৫৫-রও বেশি সেনা নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস এবং আরব নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে যে রুশ সেনারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ফিয়োদোরোভকা ও জাপোরিঝিয়া অঞ্চলের নোভোভাসিলেভস্কোয়ে নামের দুটি বসতি মুক্ত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “দক্ষিণ ফ্রন্টের যুদ্ধ ইউনিট সক্রিয় অভিযানের মাধ্যমে দোনেৎস্কের ফিয়োদোরোভকা দখলে নিয়েছে, আর পূর্ব ফ্রন্টের ইউনিট নোভোভাসিলেভস্কোয়ে মুক্ত করেছে।”

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এ বছর রাশিয়ান সেনারা প্রায় ৫,০০০ বর্গকিলোমিটার ইউক্রেনীয় ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে এবং যুদ্ধক্ষেত্রে পূর্ণ কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রেখেছে। রুশ সামরিক কমান্ডারদের এক বৈঠকে পুতিন বলেন, ইউক্রেনীয় সেনারা সব দিক থেকেই পিছিয়ে পড়ছে। কিয়েভ রুশ অঞ্চলে পাল্টা আক্রমণের চেষ্টা করছে, কিন্তু এতে তিন বছরেরও বেশি পুরনো যুদ্ধের পরিস্থিতির কোনও পরিবর্তন আসবে না। তাঁর দাবি, এ বছর রাশিয়া প্রায় ২১২টি বসতিও মুক্ত করেছে।

রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফ প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, রুশ বাহিনী সব দিকেই অগ্রসর হচ্ছে। অপরদিকে, ইউক্রেনের সাম্প্রতিক সামরিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সামনের সব যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর ১,৩৫৫-এর বেশি সেনা নিহত হয়েছে।

এছাড়া ইউক্রেনের বহু ট্যাঙ্ক, সাঁজোয়া যান, জ্যামিং স্টেশন, রেজিমেন্ট, মেকানাইজড ব্রিগেড, পদাতিক ব্রিগেড, আর্টিলারি ইউনিট, আটটি গুদাম, অ্যাসল্ট ব্রিগেড ও ন্যাশনাল গার্ড ব্রিগেড ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সেনারা ইউক্রেনকে বড়সড় ক্ষতির মুখে ফেলেছে বলে রুশ সূত্রের দাবি।

Read More News

Read More