বিশ্ব ওআরএস দিবসে শিয়ালদহ স্টেশনে সচেতনতা শিবির, যাত্রীদের মধ্যে বিনামূল্যে ওআরএস বিতরণ

সকাল সকাল ডেস্ক

কলকাতা

বিশ্ব ওআরএস দিবস ২০২৬ উপলক্ষে পূর্ব রেলের উদ্যোগে বুধবার শিয়ালদহ রেলওয়ে স্টেশনে আয়োজিত হল বিশেষ জনসচেতনতা কর্মসূচি। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওষ্করের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ডায়রিয়া প্রতিরোধ এবং ডিহাইড্রেশন মোকাবিলায় ওরাল রিহাইড্রেশন সলিউশন (ওআরএস)-এর গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। বি. আর. সিং হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে শিয়ালদহের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স।

অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্সের সম্পাদক ড. মিহির সরকার, অধ্যাপক ড. দিব্যেন্দু রায় চৌধুরী, শিয়ালদহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের এসিএমএস ড. সঞ্জীব চৌধুরী-সহ একাধিক বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ।

বিশেষজ্ঞরা জানান, ডায়রিয়া হলে দ্রুত ওআরএস খাওয়ানো, পর্যাপ্ত তরল গ্রহণ, স্বাভাবিক খাবার চালিয়ে যাওয়া এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই রোগ মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। বর্ষাকালে ডায়রিয়ার প্রকোপ বাড়ে বলে প্রতিটি পরিবারের কাছে ওআরএস প্যাকেট মজুত রাখার পরামর্শও দেওয়া হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে শিয়ালদহ স্টেশনের শত শত যাত্রীর হাতে বিনামূল্যে ওআরএস প্যাকেট এবং সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়। স্বাস্থ্যকর্মীরা যাত্রীদের ওআরএস তৈরির সঠিক পদ্ধতি, ব্যবহারের নিয়ম এবং ডিহাইড্রেশনের বিপজ্জনক লক্ষণ সম্পর্কে হাতে-কলমে বোঝান। পাশাপাশি, গুরুতর অসুস্থতার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়েও সচেতন করা হয়।

যাত্রীদের মধ্যে আরও বেশি সচেতনতা ছড়িয়ে দিতে স্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডেও স্বাস্থ্যবিষয়ক বার্তা নিয়মিত প্রচার করা হয়। স্বাস্থ্যকর্মী, রেল আধিকারিক এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, শিয়ালদহের মতো ব্যস্ত রেল স্টেশনে এই ধরনের জনস্বাস্থ্য উদ্যোগ প্রতিদিনের বিপুল সংখ্যক যাত্রীর কাছে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা পৌঁছে দিতে সাহায্য করে। জনস্বাস্থ্য রক্ষা এবং সচেতনতা বৃদ্ধিতে পূর্ব রেল ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবে বলেও তিনি জানান।

Read More News

ভুরকুন্ডায় শীঘ্রই গড়ে উঠতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ৩০ জুলাই: ভুরকুন্ডায় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের...

Read More