বাংলায় তিন নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র, পুরুলিয়ায় দু’টি, ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগের আশা

সকাল সকাল ডেস্ক

কলকাতা

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে তিনটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পগুলির মাধ্যমে আগামী কয়েক বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে। তিনটি কেন্দ্রের মধ্যে দু’টি গড়ে উঠবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে এবং সেগুলি পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার সাঁওতালডিহি এলাকায় তৈরি হবে। তৃতীয় কেন্দ্রটি নির্মাণ করবে পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল), যা হবে বীরভূমের বক্রেশ্বরে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, পিপিপি মডেলের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে পারে। ইতিমধ্যেই আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। অন্যদিকে, বক্রেশ্বরে ডব্লিউবিপিডিসিএলের প্রকল্পে প্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

প্রতিটি কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে ৮০০ মেগাওয়াট। রাজ্য সরকারের মতে, এই প্রকল্পগুলি চালু হলে পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো অনেক সহজ হবে। বিশেষ করে গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা ১০ হাজার মেগাওয়াটেরও বেশি পৌঁছে যায়। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং ডব্লিউবিপিডিসিএল মিলিয়ে উৎপাদন ক্ষমতা প্রায় ৭ হাজার মেগাওয়াট।

ফলে অতিরিক্ত বিদ্যুতের জন্য এনটিপিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) এবং অনেক সময় খোলা বাজার থেকেও বেশি দামে বিদ্যুৎ কিনতে হয়। সেই নির্ভরতা কমিয়ে রাজ্যকে বিদ্যুৎ উৎপাদনে আরও স্বনির্ভর করে তুলতেই এই তিনটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি।

Read More News

Read More