সকাল সকাল ডেস্ক
পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) গঠন নিয়ে শেষ পর্যন্ত ভোটাভুটির প্রয়োজন পড়ল না। নির্ধারিত ২০টি সদস্যপদের জন্য ঠিক ২০ জন বিধায়ক মনোনয়ন জমা দেওয়ায় সর্বসম্মতিক্রমেই কমিটি গঠনের পথ প্রশস্ত হয়েছে। বিধানসভা সূত্রের খবর, সংসদীয় প্রথা মেনে এবার পিএসি-র চেয়ারম্যান পদ বিরোধী শিবিরের হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মনোনয়ন তালিকায় প্রথম নাম রয়েছে কালীঘাট শিবিরের প্রবীণ বিধায়ক অশোককুমার দেবের। এছাড়া বিরোধী শিবির থেকে রয়েছেন ফিরহাদ হাকিম, সমর মুখোপাধ্যায়, বিপ্লব মিত্র, গোলাম রব্বানী এবং কানাইয়ালাল আগরওয়াল। বাকি সদস্যরা শাসকদলের বিভিন্ন শিবিরের বিধায়ক।
পিএসি-র সদস্যদের তালিকায় রয়েছেন অশোককুমার দেব, অনুপকুমার সাহা, অম্লান ভাদুড়ি, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাঁজা, সমরেন্দ্রনাথ ঘোষ, শিখা চট্টোপাধ্যায়, সোনম লামা, সৌরভ সিকদার, সুব্রত ঠাকুর, স্বপনকুমার দাস, বিপ্লব মিত্র, ফিরহাদ হাকিম, গোলাম রব্বানী, কানাইয়ালাল আগরওয়াল এবং সমর মুখোপাধ্যায়।
বিধানসভা সূত্রের দাবি, সংসদীয় রীতি বজায় রেখে বিরোধী দলের মর্যাদা রক্ষায় চেয়ারম্যান পদ তাদের হাতেই রাখা হবে। সেই কারণে চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় এবং বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম। তাঁদের মধ্যে একজনের হাতেই পিএসি-র নেতৃত্ব যেতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।
উল্লেখ্য, সংসদীয় প্রথা অনুযায়ী পিএসি-র চেয়ারম্যান সাধারণত বিরোধী দলের সদস্য হন। তবে অতীতে এই প্রথা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। মানস ভুঁইয়া, মুকুল রায় এবং সুমন কাঞ্জিলালকে চেয়ারম্যান করার সিদ্ধান্তের বিরোধিতা করে তৎকালীন বিরোধী দল বিজেপি দীর্ঘদিন পিএসি-র বৈঠক বয়কট করেছিল। বর্তমান পরিস্থিতিতে সেই বিতর্ক এড়িয়ে প্রথা বজায় রাখার দিকেই এগিয়েছে বিধানসভা।
No Comment! Be the first one.