সকাল সকাল ডেস্ক
কলকাতা
নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে শুক্রবার ধর্মতলায় বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিধানসভায় কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং রাজ্যের গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনের সময় সাংবাদিকদের লক্ষ্য করে বোতল ও জুতো ছোড়া হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি কলকাতা পুলিশের সংযমেরও প্রশংসা করেন। তাঁর দাবি, পর্যাপ্ত প্ররোচনা সত্ত্বেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধৈর্যের পরিচয় দিয়েছে এবং অযথা বলপ্রয়োগ করেনি।
মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় ইতিমধ্যেই ছয়টি মামলা দায়ের হয়েছে এবং সেগুলিতে গুন্ডা দমন আইনের ধারা যুক্ত করা হয়েছে। পুলিশের তদন্তে প্রায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে, যাঁদের অনেকেই ছাত্র বা নিট আন্দোলনের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন তিনি। আফরোজ, নাহিদ, তনভীর, রাহুল ও জামাল নামে কয়েকজনের উল্লেখ করে তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা তারা “তিন পুরুষ মনে রাখবে”।
শুভেন্দু অধিকারী আরও জানান, তিনি নিজে এসএসকেএম হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেছেন। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সকলের রয়েছে, কিন্তু সেই অধিকারকে সামনে রেখে সাংবাদিক বা পুলিশকে লক্ষ্য করে হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, বিভিন্ন এলাকা থেকে লোক এনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল এবং পরে সাংবাদিকদের নিশানা করা হয়।
এদিকে সাংবাদিক নিগ্রহের ঘটনায় কলকাতা প্রেস ক্লাবও তীব্র প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে ক্লাব জানায়, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ওপর হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি, সাংবাদিকদের আক্রমণে প্ররোচনার অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটরকে প্রেস ক্লাব, কলকাতায় প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকদের একাংশও পৃথক কর্মসূচির ঘোষণা করেছেন। উদ্যোক্তাদের দাবি, তাঁরা রাজ্যপালের সঙ্গেও দেখা করে গোটা ঘটনার বিবরণ তুলে ধরবেন।
তবে মুখ্যমন্ত্রীর অভিযোগ এবং ঘটনার বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট সংগঠনগুলির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
No Comment! Be the first one.