সকাল সকাল ডেস্ক
মিলান, ২৫ জুলাই: ইতালি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলো। একসময় জাতীয় দলে সতীর্থ থাকা জেন্নারো গাত্তুসোর স্থলাভিষিক্ত হতে চলেছেন ২০০৬ বিশ্বকাপজয়ী এই তারকা। ইতালি ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি থাকলেও আগামী সপ্তাহের শুরুতেই বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।
২০২৬ সালে টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হয় ইতালি। সেই ব্যর্থতার দায় নিয়ে গত এপ্রিলেই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের খোঁজ শুরু করে ইতালি ফুটবল ফেডারেশন।
প্রথমে ফেডারেশনের পছন্দের তালিকায় ছিলেন কার্লো আনচেলত্তি এবং পেপ গুয়ার্দিওলা। তবে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকায় তাঁকে পাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর গুয়ার্দিওলার সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত তাঁকে রাজি করানো যায়নি।
এরপরই আন্দ্রে পিরলোর উপর আস্থা রাখে ইতালি ফুটবল ফেডারেশন। ইতালির জার্সিতে ১১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই কিংবদন্তির সঙ্গে আগামী চার বছরের জন্য চুক্তি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতি মরশুমে ২০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন তিনি।
আগামী মঙ্গলবার ইতালি ফুটবল ফেডারেশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানেই পিরলোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২৮ ইউরো এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখেই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তাঁকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
কোচিং ক্যারিয়ারে এর আগে জুভেন্টাস, সাম্পদোরিয়া এবং দুবাই ইউনাইটেডের দায়িত্ব সামলেছেন আন্দ্রে পিরলো। তবে জাতীয় দলের কোচ হিসেবে এটিই হবে তাঁর প্রথম দায়িত্ব। ফুটবলার হিসেবে যেমন সাফল্যের শিখরে পৌঁছেছিলেন, তেমনই কোচ হিসেবেও ইতালিকে আবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের পথে ফেরাতে পারবেন কি না, এখন সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।
No Comment! Be the first one.