সকাল সকাল ডেস্ক
কলকাতা, ২৫ জুন : বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল ব্রাজিল। ফ্লোরিডায় অনুষ্ঠিত গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে কার্লো আনচেলত্তির দল গ্রুপ সেরা হিসেবে শেষ ষোলোয় উঠেছে। ম্যাচের নায়ক ছিলেন ভিনিসিউস জুনিয়র, যিনি জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা পালন করেন। অপর গোলটি করেন মাতেউস কুইয়া।
এই বিশ্বকাপে ভিনিসিউসের গোলসংখ্যা দাঁড়াল চারটিতে। আক্রমণভাগে তার ধারাবাহিক পারফরম্যান্স ব্রাজিলকে আরও শক্তিশালী করে তুলেছে। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
একই গ্রুপে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে মরক্কোও ৭ পয়েন্ট অর্জন করেছে। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তারা দ্বিতীয় স্থান নিয়ে নকআউট পর্বে উঠেছে। অন্যদিকে, ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডেরও সেরা আট দলের একটি হিসেবে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। তিন ম্যাচেই পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি।
ম্যাচে ব্রাজিলের আধিপত্য ছিল স্পষ্ট। তারা ৫৪ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে স্কটল্যান্ড ১৪টি শট নিলেও মাত্র ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
তবে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে ৭৬ মিনিটে। মাতেউস কুইয়ার পরিবর্তে মাঠে নামেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। দর্শকদের করতালির মধ্য দিয়ে তার প্রত্যাবর্তন ব্রাজিল সমর্থকদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে ওঠে।
No Comment! Be the first one.