রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ব্রিটেনে গ্রেফতার মার্কিন সেনা আধিকারিক

সকাল সকাল ডেস্ক

লন্ডন: রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে গ্রেফতার হলেন মার্কিন সেনাবাহিনীর এক আধিকারিক। ৪১ বছর বয়সি ওই সেনা আধিকারিকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সংগ্রহ এবং রুশ গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ইংল্যান্ডের গ্লস্টার শহরের কাছে তাঁকে গ্রেফতার করে ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশ। নিরাপত্তার স্বার্থে ধৃতের পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা ও ব্রিটেনের সামরিক এবং গোয়েন্দা মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের দুটি ধারায় ওই আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে সংরক্ষিত তথ্য সংগ্রহ ও প্রকাশ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করা। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত রাশিয়ার স্বার্থে কাজ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

গ্রেফতারির পর তাঁকে লন্ডনের একটি থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি গ্লস্টারশায়ারের দুটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তদন্তে ব্রিটিশ পুলিশের সঙ্গে সহযোগিতা করছে মার্কিন সেনাবাহিনী ও এফবিআই।

ন্যাটোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত আধিকারিক ন্যাটোর অ্যালায়েড র‍্যাপিড রিঅ্যাকশন কর্পসের সদর দফতর ইমজিন ব্যারাকে কর্মরত ছিলেন। এই বাহিনী ন্যাটোর সামরিক পরিকল্পনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সেনা মোতায়েনের সঙ্গে যুক্ত। ফলে তাঁর কাছে থাকা সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মার্কিন সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কম্যান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন জানিয়েছেন, অভিযুক্তের কাছে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ছিল। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তদন্ত চলছে। তবে ঠিক কোন তথ্য রাশিয়ার কাছে পৌঁছেছে, কিংবা আদৌ কোনও তথ্য পাচার হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করেননি তদন্তকারীরা।

কঠোর পদক্ষেপের বার্তা এফবিআইয়ের

ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এফবিআই প্রধান কাশ প্যাটেল। তাঁর বক্তব্য, আমেরিকা ও সহযোগী দেশগুলির নিরাপত্তা বিপন্ন করার চেষ্টা বরদাস্ত করা হবে না। তিনি জানান, গত ২১ মাসে গুপ্তচরবৃত্তি ও কাউন্টার ইন্টেলিজেন্স সংক্রান্ত ঘটনায় ১৬৭ জনকে গ্রেফতার করেছে এফবিআই, যা আগের তুলনায় ৫৩ শতাংশ বেশি।

এদিকে, সম্প্রতি ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ব্রিটেনের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান সরানো হয়েছিল। তবে ব্রিটিশ পুলিশ জানিয়েছে, ওই নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে বর্তমান গ্রেফতারির কোনও সম্পর্ক নেই।

রাশিয়ার সঙ্গে পশ্চিমি দেশগুলির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই ঘটনা ন্যাটোর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি। তদন্তের পরবর্তী পর্যায়ে কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Read More News

Read More