জঙ্গলমহলের উন্নয়নে ১,২০০ কোটি টাকা বরাদ্দ, বাঁধনা উৎসবে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক

বাঁকুড়া : জঙ্গলমহলের ঐতিহ্যবাহী বাঁধনা উৎসবে যোগ দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বাঁকুড়ার রায়পুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, চলতি অর্থবর্ষে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মাধ্যমে জঙ্গলমহলের উন্নয়নে ১,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি বাঁকুড়ার হলুদকানালী হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করার ঘোষণাও করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডু, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান, রায়পুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা, জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশনের সদস্য পার্থসারথি কুণ্ডুসহ একাধিক জনপ্রতিনিধি।

বাঁধনা ও গরুখুঁটা উৎসবের ঐতিহ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, কৃষিকাজ ও পশুপালনের সঙ্গে এই উৎসবের গভীর সম্পর্ক রয়েছে। কৃষিক্ষেত্রে গবাদি পশুর অবদানকে সম্মান জানানোই এই উৎসবের অন্যতম উদ্দেশ্য। আদিবাসী সংস্কৃতি ও পরম্পরা সংরক্ষণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আদিবাসীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের আদিবাসী ঐতিহ্য রক্ষায় বিভিন্ন উন্নয়ন বোর্ড গঠনের কাজ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। সংশ্লিষ্ট বোর্ডগুলির বাজেট ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করার কথাও জানান তিনি।

গ্রামীণ উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ১২৫ দিনের বিশেষ কর্মসংস্থান কর্মসূচি চালু হয়েছে। এই প্রকল্পে কমিউনিটি ভবন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র, অমৃত সরোবর ও পুকুর খননের কাজ করা হবে। বাঁকুড়ায় আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি চিহ্নিত হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় জেলায় প্রায় ২ লক্ষ ৯৫ হাজার পাকা বাড়ি নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে হলুদকানালীর ১০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি আধুনিক চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এজন্য ১ কোটি ৪২ লক্ষ টাকা বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও করা হবে।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানান, রাজ্যে এক লক্ষ সরকারি চাকরিতে নিয়োগের প্রক্রিয়া চলছে। পুলিশ ও কনস্টেবল পদেও নিয়োগ হবে। মেধার ভিত্তিতে নিয়োগের পাশাপাশি সংরক্ষণের অধিকার বজায় রাখার আশ্বাস দেন তিনি।

জঙ্গলমহলে পরিবেশবান্ধব শিল্প গড়তে ন্যায্য মূল্যে জমি সংগ্রহ করে ল্যান্ড ব্যাংক তৈরির পরিকল্পনাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুর-জামশেদপুর সড়ক চার লেনে সম্প্রসারণ এবং অবৈধ বালি উত্তোলন বন্ধের বিষয়েও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের শেষে আদিবাসী ও কুড়মি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান শুভেন্দু। জঙ্গলমহলের প্রাকৃতিক সম্পদ, সংস্কৃতি ও মানুষের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

Read More News

Read More