নিজস্ব এআই অ্যাপ্লিকেশন উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : দিল্লিতে বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার শীর্ষ কমান্ডারদের সম্মেলনে যোগ দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্মেলনে দেশের শীর্ষ বায়ুসেনা আধিকারিকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জের মোকাবিলায় বায়ুসেনার অভিযানগত প্রস্তুতি আরও শক্তিশালী করার আহ্বান জানান। প্রতিরক্ষামন্ত্রী বলেন, শত্রুপক্ষকে অপ্রস্তুত করে দেওয়ার কৌশল, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং তিন বাহিনীর মধ্যে সমন্বয়ই বর্তমান সময়ে ভারতীয় বায়ুসেনার সাফল্যের অন্যতম প্রধান চাবিকাঠি।
এদিনের সম্মেলনে রাজনাথ সিং ভারতীয় বায়ুসেনার নিজস্ব উদ্যোগ ‘উড়ান’-এর অধীনে তৈরি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বায়ুসেনার সামরিক অভিযান, প্রশাসনিক কাজকর্ম এবং বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও নির্ভুল করে তোলার লক্ষ্যেই এই অ্যাপ্লিকেশনগুলি তৈরি করা হয়েছে।

সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় বায়ুসেনার পেশাদারিত্ব এবং দেশের আকাশসীমা সুরক্ষায় তাদের নিরলস ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে দেশীয় প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের ওপরও তিনি গুরুত্ব দেন।
ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে উদ্ভূত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির দ্রুত অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন রাজনাথ সিং। একই সঙ্গে স্থল, নৌ ও বায়ুসেনার মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তিগত সক্ষমতা এবং তিন বাহিনীর যৌথ প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
No Comment! Be the first one.