সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন/বেইজিং: এক শতাব্দীরও বেশি সময় ধরে অমীমাংসিত থাকা জটিল গাণিতিক সমস্যার সমাধান করে গণিতের সর্বোচ্চ সম্মান ফিল্ডস মেডেল অর্জন করলেন দুই চীনা গণিতবিদ হং ওয়াং ও ইউ দেং। তাঁদের এই সাফল্যের মধ্য দিয়ে প্রথমবার কোনও চীনা গণিতবিদ ফিল্ডস মেডেল পেলেন। চীনের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের ফিল্ডস মেডেল পেয়েছেন মোট চারজন গণিতবিদ। হং ওয়াং ও ইউ দেং ছাড়াও সম্মানিত হয়েছেন মার্কিন গণিতবিদ জন পারডন এবং কানাডার জ্যাকব সিমারম্যান। যুক্তরাষ্ট্রে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পদক ও ১৫ হাজার কানাডীয় ডলার করে পুরস্কার তুলে দেওয়া হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে গবেষণা ও অধ্যাপনার সঙ্গে যুক্ত ৩৫ বছর বয়সী হং ওয়াং ফিল্ডস মেডেলজয়ী ইতিহাসের তৃতীয় নারী। তাঁর এই অর্জন চীনের গণিতচর্চার ক্ষেত্রেও একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
হং ওয়াং সহকর্মী জশ জালের সঙ্গে ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকেয়ার উত্থাপিত বিখ্যাত কাকেয়া সমস্যার গুরুত্বপূর্ণ সমাধান উপস্থাপন করেন। প্রশ্নটি ছিল, একটি পেন্সিলকে সম্পূর্ণ একবার ঘোরাতে গেলে সর্বনিম্ন কতটুকু ক্ষেত্রফল প্রয়োজন। ওয়াং ও তাঁর সহকর্মী ত্রিমাত্রিক জ্যামিতিক বিশ্লেষণের মাধ্যমে সমস্যাটির নতুন সমাধান দেন এবং গত বছর সেই গবেষণা প্রকাশ করেন।
অন্যদিকে, শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ৩৭ বছর বয়সী ইউ দেং জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্টের ১৯০০ সালে উত্থাপিত বিখ্যাত হিলবার্টের ষষ্ঠ সমস্যা-র গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধনের জন্য এই সম্মান পেয়েছেন। গ্যাসের অণুগুলির আচরণ বিশ্লেষণের মাধ্যমে তিনি দেখিয়েছেন, কীভাবে পৃথক কণার গতিবিধি থেকে একটি বৃহত্তর ব্যবস্থার আচরণ ব্যাখ্যা করা সম্ভব।
সম্মাননা পাওয়ার পর হং ওয়াং বলেন, বিভিন্ন শাখার বহু জটিল সমস্যার সঙ্গে এই গবেষণার সম্পর্ক রয়েছে, তাই বিষয়টি গবেষকদের দীর্ঘদিন ধরে আকৃষ্ট করে এসেছে। ইউ দেংও প্রতিক্রিয়ায় বলেন, যাঁদের কাজ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন, তাঁদের নামের পাশে নিজের নাম যুক্ত হওয়া তাঁর কাছে বিরাট সম্মানের।
ফিল্ডস মেডেলকে গণিতের ‘নোবেল পুরস্কার’ হিসেবে বিবেচনা করা হয়। প্রতি চার বছর অন্তর ৪০ বছরের কম বয়সী অসাধারণ কৃতিত্বপূর্ণ গণিতবিদদের এই সম্মান প্রদান করা হয়।
দুই গবেষকের এই সাফল্য চীনে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো ও রেডনোটে ‘ফিল্ডস মেডেল’ এবং ‘প্রথম চীনা গণিতবিদদের ফিল্ডস মেডেল জয়’-সংক্রান্ত হ্যাশট্যাগে লক্ষ লক্ষ মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই একে চীনের বিজ্ঞান ও উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায় বলে অভিহিত করেছেন।
হং ওয়াং পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং বর্তমানে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অন্যদিকে, ইউ দেং স্কুলজীবন থেকেই গণিত অলিম্পিয়াডে অংশ নিতেন। পরে এমআইটি ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
No Comment! Be the first one.