অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত এফআইআরে একযোগে আইনি রক্ষাকবচ দিতে অস্বীকার আদালতের

সকাল সকাল ডেস্ক।

কলকাতা : রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক থানায় দায়ের হওয়া এফআইআর সংক্রান্ত মামলায় সুরাহা মিলল না কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলায় একযোগে আইনি রক্ষাকবচ দেওয়ার মৌখিক আর্জি খারিজ করে দিয়েছে আদালত।

সম্প্রতি রাজ্যের ভবানীপুর, শিলিগুড়ি, নকাশিপাড়া, বিষ্ণুপুরসহ বিভিন্ন থানায় অভিষেকের বিরুদ্ধে আটটি নতুন এফআইআর দায়ের করা হয়েছে। এই সমস্ত মামলাকে একত্র করে কড়া পদক্ষেপের হাত থেকে সুরক্ষার আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী।

মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, ভিন্ন ভিন্ন অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলাগুলিতে এভাবে একযোগে ঢালাও আইনি সুরক্ষা দেওয়া সম্ভব নয়।

অভিষেকের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল সওয়াল করে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধের উদ্দেশ্যে বিভিন্ন থানায় পর পর মামলা করা হচ্ছে। তাই সবকটি মামলায় একসঙ্গে স্বস্তি দেওয়া হোক। সিব্বল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে যুক্তি দেন, পূর্বে শুভেন্দুর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হলে আদালত তাঁকে আইনি সুরক্ষা দিয়েছিল এবং আদালতের অনুমতি ছাড়া নতুন মামলা দায়েরের ওপরও স্থগিতাদেশ জারি করেছিল।

তবে রাজ্য সরকারের তরফে জানানো হয়, শুভেন্দু অধিকারীর বিষয়টি একটি অন্তর্বর্তী নির্দেশ মাত্র ছিল। বিচারপতি ভট্টাচার্যের পর্যবেক্ষণ, শুভেন্দু অধিকারীর মামলার উদাহরণ এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। সমস্ত পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনো নির্দেশ জারি করবে না।

তবে আদালত এ-ও জানিয়েছে, পরবর্তী শুনানির আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কোনো কড়া আইনি পদক্ষেপ করা হয়, তবে তা আদালতকে জানানো যেতে পারে। আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

Read More News

শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা খতিয়ে দেখলেন অমিত শাহ, সীমান্ত সুরক্ষায় উচ্চপর্যায়ের বৈঠক

সকাল সকাল ডেস্ক শিলিগুড়ি : কেন্দ্রে নতুন সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে ভারত-বাংলাদেশ...

‘বিকশিত ভারত’ গড়ার দৃঢ় ভিত্তি তৈরি হয় সুস্থ মা এবং পুষ্টিসম্পন্ন শিশুর মাধ্যমে : অন্নপূর্ণা

কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী শনিবার ঝাড়খণ্ডের কোডারমায় আয়োজিত...

দেশের স্বাস্থ্য পরিকাঠামোর দ্রুত প্রসার, চণ্ডীগড়ে ৪,৭০০ কোটির প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক চণ্ডীগড় : চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো-সহ ৪,৭০০ কোটিরও বেশি...

Read More