কলকাতা : টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে নিজের জায়গা আরও শক্ত করতে চলেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এবার বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গে পর্দা ভাগ করে নিতে দেখা যাবে তাঁকে। দীর্ঘদিন ধরেই এই জুটি নিয়ে জল্পনা চলছিল চলচ্চিত্র মহলে। অবশেষে আসন্ন সায়েন্স ফিকশন ছবি ‘শামুক’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সেই চর্চা নতুন মাত্রা পেয়েছে। ছবির প্রচারমূলক ঝলক নিজের সমাজমাধ্যমেও ভাগ করে নিয়েছেন রুক্মিণী।
বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের পর ২০২১ সালে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে ‘সনক’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে পা রেখেছিলেন রুক্মিণী। এরপর বলিউডে আরও বড় সুযোগের অপেক্ষায় ছিলেন অভিনেত্রী। এবার অক্ষয় কুমারের মতো তারকার সঙ্গে অভিনয়ের সুযোগ তাঁর কেরিয়ারে নতুন অধ্যায় যোগ করতে চলেছে বলে মনে করছেন অনুরাগীরা।
কণিষ্ক বর্মা পরিচালিত ‘শামুক’ মূলত বিজ্ঞান কল্পকাহিনি নির্ভর ছবি। রহস্য, অ্যাকশন এবং অজানা শক্তির বিরুদ্ধে মানুষের লড়াইকে কেন্দ্র করে এগোবে গল্প। প্রকাশিত প্রথম ঝলকে অক্ষয় কুমারকে দেখা গিয়েছে সম্পূর্ণ ভিন্ন রূপে। রহস্যময় পরিবেশ, অচেনা বিপদের আশঙ্কা এবং অদ্ভুত প্রাণীর উপস্থিতির ইঙ্গিত ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। প্রচারমূলক ঝলক থেকে আভাস পাওয়া গিয়েছে, ছবির মূল বিষয়বস্তু মানবসভ্যতার অস্তিত্ব রক্ষার সংগ্রাম। যদিও গল্পের গুরুত্বপূর্ণ অংশ এখনও প্রকাশ করেননি নির্মাতারা।
ছবিতে অক্ষয় ও রুক্মিণী ছাড়াও অভিনয় করছেন ভিনীত কুমার সিং, বানিতা সান্ধু, রজত কাপুর, স্বানন্দ কিরকিরে এবং সুশান্ত সিং। প্রযোজনার দায়িত্বে রয়েছে বিপুল অমৃতলাল শাহের সংস্থা সানশাইন পিকচার্স। আন্তর্জাতিক মানের দৃশ্যায়নের জন্য ছবির সঙ্গে যুক্ত হয়েছেন হলিউডের বিখ্যাত প্রাণী-নির্মাণ বিশেষজ্ঞ অ্যালেক গিলিস। ‘এলিয়েন’ ও ‘প্রিডেটর’-এর মতো জনপ্রিয় হলিউড ছবিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফলে বিশেষ প্রভাব এবং অজানা প্রাণীর রূপায়ণ ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।
তবে ‘শামুক’-এ রুক্মিণী ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনও খোলসা করেননি নির্মাতারা। ছবির কাহিনিতে তাঁর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হবে, তা নিয়েও কৌতূহল রয়েছে দর্শকদের। বাংলা ছবিতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দেওয়ার পর হিন্দি চলচ্চিত্রে নতুনভাবে প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি।
আগামী ২০২৭ সালের ২৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘শামুক’-এর। ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই অক্ষয়ের নতুন অবতার এবং রুক্মিণীর বলিউড সফর নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞান কল্পকাহিনির সঙ্গে অ্যাকশনের মিশেলে এই ছবি দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটাই দেখার।
No Comment! Be the first one.