আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফিলিপিন্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : ২৩-তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১-তম আসিয়ান-নেতৃত্বাধীন পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন প্রক্রিয়ার বৈঠকে যোগ দিতে তিন দিনের সফরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) রুদ্রেন্দ্র ট্যান্ডন বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফর চলবে।

রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, আসিয়ানের ১১টি সদস্য দেশের সঙ্গে ভারতের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ভারতের ‘অ্যাক্ট ইস্ট নীতি’র কেন্দ্রে রয়েছে আসিয়ান। এই সম্মেলন ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

সফরের প্রথম দিন ম্যানিলায় পৌঁছে প্রধানমন্ত্রী মোদী ফিলিপিন্সের রাষ্ট্রপতি মার্কোসের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। এই নৈশভোজে সফররত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও উপস্থিত থাকবেন।

সফরের পরের দিন প্রধানমন্ত্রী ২৩-তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন প্রক্রিয়ার বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকগুলিতে আঞ্চলিক সহযোগিতা, পারস্পরিক সম্পর্ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যান্য দেশের নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন। বিদেশ মন্ত্রকের সচিব জানান, চলতি বছরের পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন আসিয়ানের সভাপতি হিসেবে ফিলিপিন্সের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে।

Read More News

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত মাওবাদী...

Read More