৩৪ বছর পর নজির কলকাতা হাইকোর্টে, গুড়াপের শিশুকন্যা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা বহাল

সকাল সকাল ডেস্ক

কলকাতা : দীর্ঘ ৩৪ বছর পর কোনও মামলায় মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত অশোক সিংয়ের ফাঁসির সাজা বহাল রাখল উচ্চ আদালত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের রায়কেই মান্যতা দিয়েছে। এই রায় রাজ্যের বিচারব্যবস্থায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহল।

২০২৪ সালের ২৪ নভেম্বর হুগলির গুড়াপ এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের এক শিশুকন্যা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে পরে স্থানীয় একটি কাঠের স্তূপের নীচ থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তদন্তে নেমে পুলিশ অশোক সিংকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে ২০২৫ সালে হুগলির বিশেষ পকসো আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়।

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দোষী সাব্যস্ত অশোক। পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য উচ্চ আদালতের অনুমোদনের বিষয়টিও বিচারাধীন ছিল। দীর্ঘ শুনানির পর নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখে ডিভিশন বেঞ্চ।

উল্লেখযোগ্যভাবে, এর আগে ১৯৯২ সালে হেতাল পারেখ হত্যা মামলায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুদণ্ড বহাল রেখেছিল কলকাতা হাইকোর্ট। ২০০৪ সালের ১৪ আগস্ট তাঁর ফাঁসি কার্যকর হয়। তারপর থেকে পশ্চিমবঙ্গে আর কোনও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

গত কয়েক দশকে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালত একাধিক গুরুতর অপরাধে ফাঁসির সাজা ঘোষণা করলেও উচ্চ আদালতে বহু ক্ষেত্রে সেই সাজা পরিবর্তিত হয়েছে। কামদুনি ধর্ষণ ও হত্যা মামলাতেও নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের নির্দেশ হাইকোর্টে বহাল থাকেনি।

আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, তদন্তে ত্রুটি, পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাব এবং আদালতে যথাযথভাবে মামলা উপস্থাপন করতে না পারার কারণে অনেক ক্ষেত্রেই কঠোর সাজা বহাল রাখা সম্ভব হয় না। তবে গুড়াপের ঘটনায় নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে বহাল থাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর আইনি সুযোগ রয়েছে দোষী সাব্যস্ত ব্যক্তির।

Read More News

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত মাওবাদী...

Read More

6 days ago

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ...