সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিতে ফের ধাক্কা। বিদেশি পড়ুয়া, গবেষক এবং সাংবাদিকদের আমেরিকায় থাকার মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাবিত বিধিনিষেধ খারিজ করে দিল মার্কিন ফেডারেল আদালত। সোমবার ম্যাসাচুসেটসের জেলা আদালতের বিচারক ডেনিস সেলর এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বলে জানা গিয়েছে। আদালতের সিদ্ধান্তে ভারত-সহ বিভিন্ন দেশের হাজার হাজার পড়ুয়া ও বিদেশি সাংবাদিক আপাতত স্বস্তি পেলেন।
ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, এফ-১ ভিসায় আমেরিকায় পড়াশোনা করতে যাওয়া বিদেশি ছাত্রছাত্রীদের সর্বাধিক চার বছর থাকার অনুমতি দেওয়ার পরিকল্পনা ছিল। অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের আই-ভিসার ক্ষেত্রে থাকার মেয়াদ ২৪০ দিনে সীমাবদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়। চিনা সাংবাদিকদের জন্য এই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল মাত্র ৯০ দিন।
আদালতের পর্যবেক্ষণ, প্রশাসনের এই সিদ্ধান্ত স্বেচ্ছাচারী, অযৌক্তিক এবং প্রচলিত আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বিচারক জানিয়েছেন, এত কঠোর বিধিনিষেধ আরোপের পক্ষে যথেষ্ট আইনি যুক্তি তুলে ধরতে পারেনি মার্কিন প্রশাসন।
উচ্চশিক্ষা ও গবেষণায় বাধার আশঙ্কা
আগের নিয়ম অনুযায়ী, বিদেশি পড়ুয়ারা তাঁদের শিক্ষাক্রমের মেয়াদ এবং ভিসার শর্ত মেনে আমেরিকায় থাকার সুযোগ পেতেন। বিশেষত দীর্ঘমেয়াদি গবেষণা ও পিএইচডি-র ক্ষেত্রে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে চার বছর পর অতিরিক্ত সময় থাকার জন্য প্রশাসনের কাছে পৃথক আবেদন জানাতে হত।
একইভাবে বিদেশি সাংবাদিকদের নির্দিষ্ট সময় অন্তর থাকার অনুমতি নবীকরণ করতে হত। জে-ভিসায় আমেরিকায় থাকা গবেষক, অধ্যাপক এবং বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ছিল।
এই সিদ্ধান্তের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হয়েছিল একাধিক বিশ্ববিদ্যালয়, শিক্ষক সংগঠন এবং সাংবাদিকদের সংগঠন। তাঁদের অভিযোগ, নতুন নিয়ম উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বড় বাধা তৈরি করত।
নিরাপত্তার যুক্তি মানল না আদালত
ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, জাতীয় নিরাপত্তা জোরদার এবং ভিসা সংক্রান্ত অনিয়ম প্রতিরোধের উদ্দেশ্যেই নতুন নিয়মের পরিকল্পনা করা হয়েছে। তবে বিচারকের পর্যবেক্ষণ, এই যুক্তিতে ব্যাপক বিধিনিষেধ আরোপের যথেষ্ট ভিত্তি দেখাতে পারেনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
এর আগে ১৪ সেপ্টেম্বর প্রস্তাবিত নিয়ম কার্যকর করার উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল আদালত। ১৬ নভেম্বরের রায়ে বিধিনিষেধ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় পড়ুয়াদের জন্য স্বস্তি
আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক ভারতীয় পড়ুয়া উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত। বিশেষত দীর্ঘমেয়াদি পাঠ্যক্রমের ক্ষেত্রে চার বছরের সীমা তাঁদের সমস্যায় ফেলতে পারত। আদালতের সিদ্ধান্তে আপাতত সেই আশঙ্কা দূর হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে নতুন করে আবেদন জানাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে বিদেশি পড়ুয়া ও সাংবাদিকদের ভিসা নীতি নিয়ে আইনি লড়াইয়ের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি।
No Comment! Be the first one.