বিয়ের পর প্রথমবার পর্দায় রাশমিকা-বিজয়

সকাল সকাল ডেস্ক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা এবার বড় পর্দায় ফিরছেন ‘রানাবালি’ নিয়ে। বিয়ের পর এটিই তাঁদের একসঙ্গে প্রথম ছবি। মুক্তির আগে ছবির প্রচারের পাশাপাশি বাস্তব জীবনের এই জুটির রসায়ন ও খুনসুটিও সামাজিক মাধ্যমে অনুরাগীদের নজর কেড়েছে।

সম্প্রতি ‘রানাবালি’র ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রাশমিকা। সেখানে বিজয়ের প্রতি নিজের ভালো লাগার কথা প্রকাশ করেন অভিনেত্রী। রাশমিকা লেখেন, ‘এটা ভাবতেই অবাক লাগে যে, সে পুরোপুরি আমার। তবু তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’

স্ত্রীর এমন মন্তব্যের জবাব দিতেও দেরি করেননি বিজয়। রাশমিকার পোস্টের প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারাজীবনের জন্য পেয়েছি।’ তাঁদের এই কথোপকথন প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে নতুন করে চর্চা শুরু হয়েছে।

‘রানাবালি’তে নামভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। অন্যদিকে রাশমিকাকে দেখা যাবে জয়াম্মার চরিত্রে। ছবিতে রানাবালির সংগ্রামের অন্যতম সঙ্গী হিসেবে উঠে আসবে তাঁর চরিত্র।

ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘রানাবালি’। ছবির গল্পের পটভূমিতে রয়েছে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ভয়াবহ মাদ্রাজ দুর্ভিক্ষ। আইএমডিবিতে প্রকাশিত ছবির কাহিনির সংক্ষিপ্তসার অনুযায়ী, ১৮৭০-এর দশকে দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের সময় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াইয়ে নামেন। নিজের অঞ্চল ও সেখানকার মানুষকে রক্ষা করার লড়াইকে কেন্দ্র করেই এগোয় ছবির গল্প।

ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি বিজয়-রাশমিকার পর্দার রসায়নও ‘রানাবালি’র অন্যতম আকর্ষণ হতে চলেছে। বাস্তব জীবনের জুটিকে নতুন চরিত্রে বড় পর্দায় দেখতে তাই অপেক্ষায় তাঁদের অনুরাগীরা।

Read More News

Read More