সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : নির্বাচন কমিশনকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রেক্ষিতে কংগ্রেস এবং বিরোধী জোটকে তীব্র আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। তাঁর অভিযোগ, দেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে হতাশ হয়ে বিরোধীরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ও অস্থিতিশীলতার পরিবেশ তৈরি করতে চাইছে।
সোমবার নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাড্ডা বলেন, ১৪০ কোটি দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ভারত বিকশিত দেশের লক্ষ্যে এগিয়ে চলেছে। আন্তর্জাতিক মঞ্চেও ভারতের প্রভাব ক্রমশ বাড়ছে। কিন্তু কংগ্রেস এবং বিরোধী দলগুলি এই অগ্রগতি মেনে নিতে পারছে না বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বিরোধীদের কাছে কোনও সুস্পষ্ট নীতি বা ভবিষ্যতের জন্য কার্যকর পরিকল্পনা নেই। সেই কারণেই তারা একের পর এক ইস্যু তুলে দেশের পরিবেশকে অস্থির করার চেষ্টা করছে।
নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্কের প্রসঙ্গে নাড্ডা বলেন, সম্প্রতি একটি তথাকথিত মনগড়া খবরকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক তৈরি করা হয়েছিল। পরবর্তীতে নির্বাচন কমিশন নিজেদের অবস্থান স্পষ্ট করলেও বিরোধীরা বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তাঁর।
নাড্ডা উল্লেখ করেন, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-সহ কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সাংবিধানিক ও আইনসিদ্ধ কাঠামোর মধ্যেই কমিশন তার দায়িত্ব পালন করছে বলেও তিনি দাবি করেন।
বিরোধীদের রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাড্ডা। তাঁর অভিযোগ, প্রতিদিন নতুন নতুন অভিযোগ তুলে বিরোধীরা এমন একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে, যার ফলে দেশের উন্নয়নমূলক কাজ ব্যাহত করার চেষ্টা হচ্ছে। জাতীয় নিরাপত্তা, জনকল্যাণ এবং দেশের মর্যাদার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে বিরোধীরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, বিরোধী দলগুলির মূল লক্ষ্য জনসেবা নয়, বরং ক্ষমতা দখল করা। তাঁদের বিরুদ্ধে পরিবারতান্ত্রিক রাজনীতিকে প্রশ্রয় দেওয়া এবং ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগও তোলেন নাড্ডা। তিনি বলেন, অতীতেও দেশের মানুষ অস্থিতিশীলতা তৈরির বিভিন্ন প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও জনগণ বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির এই ধরনের প্রয়াসকে প্রত্যাখ্যান করবে বলে তিনি আশাবাদী।
No Comment! Be the first one.